সরদার আমজাদ বুধবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন
বিশিষ্ট রাজনীতিক, জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য সরদার আমজাদ হোসেন দীর্ঘ ২০ বছর পর বুধবার আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন। তার সঙ্গে জাতীয় পার্টির বেশ ক’জন নেতা-কর্মীও আওয়ামী লীগে যোগ দেবেন।
বিকেল ৫ টায় এ যোগদান অনুষ্ঠান হবে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন চত্বরে। সেখানে ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে বিশাল প্যাণ্ডেল।
সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানায়, সরদার আমজাদ হোসেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে তার পূর্বের দলে ফিরে আসবেন।
সূত্র আরো জানায়, রাজশাহীতে তার আসনে আগামী নির্বাচনে সরদার আমজাদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি ওই আসন থেকে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আওয়ামী লীগ, ছাত্র লীগ ও বাকশালের সাবেক এই প্রভাবশালী নেতা ১৯৮৬ সালে আওয়ামী লীগ ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন।
