সরকার গত দুবছরে ২০০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ আদায় করেছে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ মঙ্গলবার বলেছেন, সরকার অর্থ ঋণ আদালতের মাধ্যমে গত দুবছরে দু হাজার কোটি টাকার অধিক খেলাপি ঋণ আদায় করেছে।
তিনি বলেন, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসমূহের খেলাপি ঋণের অর্থ আদায় করার উদ্দেশ্যে ২০০৩ সালের ১মে অর্থ ঋণ আদালতের কার্যক্রম চালু করা হয়। এ পর্যন্ত অর্থ ঋণ আদালতের অধীনে ২১হাজার ৫৮৭টি মামলার নিষ্পত্তি করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
২০০৩ সালের ১ জুলাই থেকে অলটারনেটিভ ডিসপিউট রেজুলেশন কার্যক্রমের অধীনে ৭৩৩৮টি মামলার নিষ্পত্তি হয়েছে।
মন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন আদালতে এখনও ১০ লাখেরও বেশি মামলা ঝুলে রয়েছে।
