জাসদের কাউন্সিলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রথম সারির বিরোধী দলীয় নেতারা মঙ্গলবার মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সমস্বরে আহ্বান জানিয়েছেন।
মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা কালো টাকা ও পেশীশক্তির রাজনীতিকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ায় স্বাধীনতা পরবর্তী ৩৪ বছরে আমাদের অনেক খেসারত দিতে হয়েছে।
তিনি বলেন, দেশ রক্ষার্থে এখন আমাদের আরও একটি সুদৃঢ় ঐক্য গড়ে তোলা উচিত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, মুক্তিযোদ্ধারা দশটি দলে বিভক্ত হয়ে পড়েছে কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি একটিমাত্র ব্যানারে ঐক্যবদ্ধ।
তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দলীয় আদর্শ অক্ষুণœ রেখে এখন ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
তিনি বলেন, জাতীয় সংসদ এখন কালো টাকার মালিকদের এবং পেশীশক্তির দখলে। তিনি আগামী নির্বাচনে সত্যিকারের রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক ব্যক্তিদের নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১৯৭২ সালের সংবিধান আবার বাস্তবায়ন করতে চায়।
দেশের অর্থনৈতিক বৈষম্যের কথা উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দুটি ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা এবং দুটি ভিন্ন সমাজব্যবস্থার কারণে মনে হয় একটি বাংলাদেশের মধ্যেই দুটি দেশ বিদ্যমান।
চার দলীয় জোট সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, কালো টাকার মালিকরা আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে তার দল নির্বাচনে যাবে না।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) পক্ষে কাউন্সিলে বক্তব্য রাখেন লক্ষ্মী প্রসাদ চাকমা। তিনি বলেন, দলগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠলে অপশক্তি পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না।
১৯৯৬ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিকে আজকের পরিপ্রেক্ষিতে ‘একটি দূরাগত স্বপ্ন’ বলে অভিহিত করেন তিনি। তিনি বলেন একটি জাতীয় সরকার গঠনের লক্ষ্যে সবার সাথে সমতল ও পাহাড়ি আদিবাসীরা একযোগে কাজ করে যাবে।
দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাত অর্থনৈতিক দিক থেকে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। দেশে কোনও বেকার নেই বলে সম্প্রতি অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করেন তিনি।
এছাড়া কাউন্সিলে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের দীলিপ বড়ুয়া, ওয়ার্কাস পার্টির বিমল বিশ্বাস এবং জাসদের শরিফ নুরুল আম্বিয়া বক্তব্য রাখেন।
কাউন্সিলে বিকল্পধারার সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিএম বদরুদ্দোজা চৌধুরীর একটি বক্তব্য পাঠ করেন মাহী বি. চৌধুরী।
জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন জাসদের সভাপতি হাসনুল হক ইনু এবং সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ।
দেশের ৬৯ টি সাংগঠনিক এলাকা থেকে প্রায় এক হাজার দু শ পাঁচ জন সদস্য এ কাউন্সিল অধিবেশনে অংশ নেন।
