২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত চত্তরে অপ্রীতিকর অবস্থা নিরসনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইন মন্ত্রীর প্রতি আহ্বান

বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজীর সনদপত্র বিতর্ককে কেন্দ্র করে আদালত চত্তরে সৃষ্ট অপ্রীতিকর অবস্থা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইন মন্ত্রীর প্রতি সোমবার পত্র মারফত আহ্বান জানিয়েছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পত্রে আইনজীবী সমিতি উল্লেখ করে, আদালত চত্তরে বিতর্ক অব্যহত রয়েছে এবং বিচারপতি ফয়েজীর সনদপত্র ও বয়স নিয়ে দেশের মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এই অভিযোগ দেশে একটি অস্থিতিশীল ও অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছে। সুপ্রীম কোর্ট ও বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থে আইনজীবী ও সাধারণ মানুষের অভিযোগ ও প্রশ্ন সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করা হয়।

পত্রে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফয়েজীকে এলএলবি পরীক্ষার একটি সাময়িক সনদপত্র প্রদান করে। নম্বরপত্রে অনিয়ম থাকায় পরে বিশ্বিবিদ্যালয়ের সিন্ডিকেট তাকে মূল সনদপত্র না দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রেখেছে। হাইকোর্টে শপথ গ্রহণের সময় ফয়েজী এলএলবি‘র সনদপত্র ছিল না। অন্যদিকে বার কাউন্সিলে সনদপত্র গ্রহণের সময় তিনি উল্লেখ করেন তার জন্ম ১৯৬৫ সালে। মেট্রিক পরীক্ষার সনদপত্রে উল্লেখ আছে, তার জন্ম ১৯৬৩ সালে।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এনায়েতুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, রোববার অনুষ্ঠিত সমিতির নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী অপ্রীতিকর অবস্থা নিরসন করতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইন মন্ত্রীর কাছে এ পত্র দেয়া হয়েছে।