কুড়িগ্রামে আওয়ামী লীগের দ্বন্দ্ব চরমে
অভ্যন্তরীন কোন্দল, দ্বন্দ্ব ও সংঘাতে জর্জরিত জেলা আওয়ামী লীগ। এসব কারণে দলের সাংগঠনিক তৎপরতা স্থবির হয়ে পড়েছে।
মূল সংগঠন আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিক লীগে বিরাজ করছে দ্বিধা-বিভক্তি। এ দ্বিধা-বিভক্তি ছড়িয়ে পড়েছে ইউনিয়ন পর্যায়েও। ফলে সংঘর্ষ, মামলা, পাল্টা মামলা, সমাবেশ ও শোডাউনে ব্যস্ত থাকতে হচ্ছে নেতা-কর্মীদের। দলীয় নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিষোদগারমূলক পোস্টার শহরবাসীকে হতবাক করে।
জানা যায়, গত ২৫ এপ্রিল রংপুর সার্কিট হাউজে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার নির্দেশ দিলেও দ্বন্দ্ব নিরসন হয়নি। বরং নেত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয় এবং ২টি পৃথক মামলা দায়েরও করা হয় এ সংঘর্ষের রেশ ধরে।
বিবাদমান দুটি গ্রুপের একটি বলছে, দলের সভাপতি মেজর জেনারেল (অবঃ) আমসা আমিন এলাকায় অবস্থান করেন না। তিনি অধিকাংশ সময়ে ঢাকায় অবস্থান করার ফলে দলের সঙ্কটে তাকে পাওয়া যায়না। তিনি সাংগঠনিক প্রক্রিয়া মানেন না।
অন্য পক্ষ বলছে, দলের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী দলের ত্যাগী নেতা হলেও বিগত সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন পাননি। তখন থেকেই তিনি গ্রুপিংয়ে জড়িয়ে পড়েন। আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় সভাপতিকে কোনঠাসা করতে উঠে পড়ে লেগেছেন তিনি।
এ দ্বন্দ্ব নিরসনে তৃতীয় একটি পক্ষ কাজ করেও ব্যর্থ হচ্ছে জনৈক নেতার একগুয়েমীর কারণে।
কুড়িগ্রাম-২ আসন আওয়ামী লীগের জন্য খুবই সম্বাবনাময়। কিন্তু দলীয় দ্বন্দ্ব সে সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে বলে অনেকের ধারণা। তাদের মতে এলাকায় সাধারণ সম্পাদকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দ্বন্ধ সংঘাত মিটিয়ে আওয়ামী লীগের যেকোনও প্রার্থী এ আসনে বিজয়ী হতে পারে।
