কিবরিয়ার পরিবার সদস্যদের সাথে বিদেশি কুটনীতিকদের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিকরা গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থ মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ্ এএমএস কিবরিয়ার পরিবার সদস্যদের সাথে রোববার রাতে নৈশ ভোজ সভায় মিলিত হন।
রাত পৌণে ৮ টা থেকে তিন ঘন্টারও বেশি সময় ধরে চলা এ সভায় তারা কিবরিয়া হত্যা তদন্ত কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে সভা সূত্র বিডিনিউজকে জানায়।
নৈশ ভোজে ইউরোপিয়ান কমিশন, যুক্তরাজ্য, ইটালি, কানাডা, ভারত, চীন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নেদারল্যাণ্ড, কানাডা, ডেনমার্ক, সুইডেনের রাষ্ট্রদূত ও হাই কমিমনাররা উপস্থিত ছিলেন।
এসময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ্, সাবের হোসেন চৌধুরী, সৈয়দ আবুল হোসেন এবং সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, কিবরিয়ার পরিবার সদস্যরা বিদেশি কুটনীতিকদের জানান, নৃশংস এ হত্যাকাণ্ডের দীর্ঘ তিন মাস অতিক্রান্ত হলেও প্রকৃত হত্যাকারিদের ধরা হয়নি। এমনকি তদন্ত কাজেরও কোনো অগ্রগতি নেই।
শাহ্ এএমএস কিবরিয়া তার নির্বাচনী এলাকা হবিগঞ্জের একটি জনসভায় গত ২৭ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় নিহত হন।
