২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি হওয়া মূর্তি উদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সংসদীয় কমিটিতে অসন্তোষ

বরিশাল জাদুঘর থেকে পাঁচ বছর আগে চুরি যাওয়া মূল্যবান মূর্তি উদ্ধারে ব্যর্থতা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

রোববার জাতীয় সংসদে কমিটির সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অসন্তোষ প্রকাশ করা হয়।

এতে কমিটির আগামী সভায় এ ঘটনার জন্যে অভিযুক্ত চার কর্মকর্র্তাকে হাজির করে শুনানী ও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় কমিটির অন্যতম সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান অনুপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব এএসএম শামীম উপস্থিত থাকলেও কমিটির কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সভায় ২০০০ সালে বরিশাল জাদুঘর থেকে হারিয়ে যাওয়া প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ওই খাসারপান মূর্তি উদ্ধারের তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, মূর্তিটি চুরি হওয়ার পর থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সিআইডি কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছে। তবে এই দীর্ঘ সময়েও তাদের কোনও সাফল্য অর্জিত হয়নি। এ ব্যাপারে সাংসদ রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে গঠিত তিন সদস্যের সংসদীয় সাব-কমিটিও দু বছরে কোনও কাজ করেনি।

ফলে এসব তদন্তের কোনও প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

সভায় এ ঘটনার রহস্য উদ্ধারে বিভিন্ন পর্যায়ের ব্যর্থতার তীব্র সমালোচনা করে আগামী সভায় দোষীদের উপস্থিত করে শুনানী গ্রহনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

সভায় বিরোধী দল আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম হীরা উপস্থিত থেকে কমিটির এ সিদ্ধান্তে ঐকমত্য পোষণ করেন।

২০০০ সালে বরিশালের বানারিপাড়া এলাকায় জনৈক গোলাম মোস্তফা দুলাল পুকুর খনন করতে গিয়ে ওই মূর্তিটি উদ্ধার করেন। পরে তিনি তা স্থানীয় পুলিশের কাছে জমা দিলে পুলিশ মূর্তিটি জাদুঘরে জমা দেয়। ওই বছরেই অতি মূল্যবান মূর্তিটি জাদুঘর থেকে চুরি হয়ে যায়।

বিশ্বে এ পর্যন্ত এ ধরণের উন্নতমানের মাত্র তিনটি মূর্তি পাওয়া গেছে।