২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়ার পরিবার সদস্যদের সাথে বিদেশি কুটনীতিকদের সভা

বাংলাদেশে নিযুক্ত ১২ টি দেশের কুটনীতিকরা গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থ মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ্ এএমএস কিবরিয়ার পরিবারের সদস্যদের সাথে রোববার রাতে নৈশ ভোজ সভায় মিলিত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 09:21 AM

Updated : 26 Apr 2022, 05:43 PM

কিবরিয়ার ধানমণ্ডির বাসভবনে রাত পৌণে ৮টা থেকে তিন ঘন্টারও বেশি সময় ধরে চলা এ সভায় তারা কিবরিয়া হত্যা তদন্ত কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে সভা সূত্র বিডিনিউজকে জানায়।

কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে বিদেশি কুটনীতিকদের জানানো হয়, নৃশংস এ হত্যাকাণ্ডের পর দীর্ঘ তিন মাস অতিক্রান্ত হলেও প্রকৃত হত্যাকারীদের এখনও গ্রেফতার করা হয়নি। এমনকি তদন্ত কাজেরও কোনও অগ্রগতি নেই। ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে কিবরিয়া পরিবার চিন্তিত, উদ্বিগ্ন।

বৈঠক শেষে কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিডিনিউজকে জানান, বিদেশি কুটনীতিকরা এ হত্যা তদন্ত ও বিচার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন। তাদের কাছে ‘কেস ফ্যাক্ট শিট’ দেওয়া হয়েছে। আমাদের প্রাজ্ঞ আইনজীবীরা তদন্ত কাজ সহ এ হত্যা মামলার বিভিন্ন দিক সম্পর্কে তাদের অবহিত করেন।

কিবরিয়া হত্যা মামলার এ সকল বিষয় জানতে পেরে কূটনীতিকরা বলেন, তাদের নিজ নিজ সরকার তাদের কাছে কিবরিয়া হত্যা মামলা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়। এই কেস ফ্যাক্ট শিট এ সম্পর্কিত প্রশ্নের জবাব দিতে সহায়ক হবে।

কুটনীতিকরা জানান, তারা কিবরিয়া হত্যা তদন্ত ও বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।

রেজা কিবরিয়া জানান, বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা, ২১ আগষ্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, ব্রিটিশ হাই কমিশনার হত্যা প্রচেষ্টা, মানবাধিকার পরিস্থিতি এবং আইন শৃংখলা পরিস্থিতি প্রভৃতি আলোচনায় স্থান পায়।

তিনি কুটনীতিকদের জানিয়েছেন, কিবরিয়া হত্যার প্রতিবাদে তার পরিবারের শান্তির পক্ষে নীলিমা শীর্ষক অহিংস কর্মসূচি অব্যাহত থাকবে।

নৈশ ভোজে ইউরোপিয়ান কমিশন, যুক্তরাজ্য, ইটালি, কানাডা, ভারত, চীন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নেদারল্যাণ্ড, ডেনমার্ক এবং সুইডেনের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা উপস্থিত ছিলেন।

এসময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিষ্টার আমির উল ইসলাম, আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ্, সাবের হোসেন চৌধুরী, সৈয়দ আবুল হোসেন এবং সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

শাহ্ এএমএস কিবরিয়া তার নির্বাচনী এলাকা হবিগঞ্জের একটি জনসভায় গত ২৭ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় নিহত হন।