২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুটেরা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আব্দুল জলিল এমপি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি নরসিংদী-১ আসনের উপ নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে তাণ্ডব সৃষ্টিকারী এবং জনগণ ও সরকারের সম্পদ লুণ্ঠন ও বিনষ্টকারী বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

রোববার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি নরসিংদীতে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও তাণ্ডব সৃষ্টির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুযোগ পেলেই দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখিয়ে হরতাল-অবরোধের বিরুদ্ধে যথেচ্ছ বক্ততা করেন। অথচ তার দলের নেতা-কর্মীরা যখন জনগণের সম্পত্তির ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করছে এবং নরসিংদীতে হরতাল করছে, তখন প্রধানমন্ত্রী এর জবাবে কি বক্ততা দেবেন তা শোনার জন্যে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আব্দুল জলিল বলেন, দেশ ও জনগণের জানমালের হেফাজতের দায়িত্ব সরকারের। এ ব্যাপারে তারা প্রায়ই গালভরা বক্তৃতা করেন। অথচ সরকারি দলের দায়িত্বশীল নেতাদের নেতৃত্বে শনিবার নরসিংদীতে যে তাণ্ডব চলেছে তাতে বিএনপি’র প্রকৃত চেহারাই জনতার সামনে উন্মোচিত হয়েছে।