২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ মে কাউন্সিল: জাসদে আবারও সংকট!

আগামী ৩১ মে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ- ইনু) জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠেয় এ কাউন্সিলকে নিয়ে জাসদের মধ্যে আবারও দেখা দিয়েছে সংকট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

গুজব রয়েছে এ কাউন্সিলেই জাসদ আবারও এক দফা ভাঙ্গনের কবলে পড়তে পারে। দলীয় সভাপতির সাথে মত বিরোধের কারণে শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বে একটি গ্রুপ দল থেকে বেরিয়ে যেতে পারে।

তবে দলের সভাপতি হাসানুল হক ইনু ও অন্যতম কেন্দ্রীয় নেতা শরীফ নূরুল আম্বিয়া দু’জনই এ সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

দুই নেতাই বিডিনিউজকে বলেছেন, দলের ভেতরে ছোট খাটো মতবিরোধ থাকতে পারে। তবে তা কাউন্সিলেই সমাধান হয়ে যাবে।

তারা বলেন, বিরোধী দল আওয়ামী লীগের সাথে চলমান আন্দোলন, একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা, সরকার বিরোধী আন্দোলনে একটি বৃহত্তর মোর্চা গঠন এবং ৯ দফার আন্দোলনের ভিত্তিতে একটি ন্যুনতম জাতীয় কর্মসূচি প্রণয়ন করতে জাসদ একমত। এখানে কোন রাজনৈতিক বিরোধ নেই।

জানা যায়, জাসদের কমিটি গঠন এবং বিগত কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নে ধীর গতির কারণে সভাপতির সাথে কেন্দ্রীয় নেতা শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বে একটি গ্রুপের মতবিরোধ দেখা দেয়। আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে এ বিরোধ প্রকাশ্য রূপ ধারণ করে। বিরোধের কারণে গুজব ছড়িয়ে পড়েছে কাউন্সিলেই জাসদের আরেক দফা ভাঙ্গন ঘটতে পারে।

জানা যায়, শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বে একটি গ্রুপ আওয়ামী লীগের সাথে জাসদের অতি মাখামাখিকে ভাল চোখে দেখছে না। ফলে এ গ্রুপটি শেষ পর্যন্ত কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ না পেলে জাসদ থেকে বেরিয়ে গিয়ে অন্য একটি দলের জন্ম দিতে পারে।

স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ থেকে বেরিয়ে যাওয়া বেশ কিছু ছাত্রনেতার নেতৃত্বে জাসদ গঠিত হয়। এ সময় আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের বলিষ্ঠ অবস্থান ছিল। কিন্তু কিছুদিনের মধ্যে নিজেদের অন্তর্দ্বন্দ্বে দলটি খন্ড-বিখন্ড হয়ে যায়।

আসন্ন সম্ভাব্য ভাঙ্গন প্রসঙ্গে হাসানুল হক ইনু বিডিনিউজকে বলেন, দলে কোন রাজনৈতিক বিরোধ নেই। কাউন্সিলকে সামনে রেখে সাধারণ সম্পাদকের প্রতিবেদন চূড়ান্ত করতে শনিবার জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হয়। প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এতে জাসদ আন্দোলন ও পরবর্তী নির্বাচন সম্পর্কে কর্মসূচি নির্ধারণ করেছে।

তিনি বলেন, পদ পদবি নিয়ে কারও কারও আকাংখা থাকতে পারে। এ জন্য ব্যালট পেপার ছাপানো হয়েছে। প্রয়োজনে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হবে।

এ ব্যাপারে শরীফ নূরুল আম্বিয়া বিডিনিউজকে বলেন, আন্দোলনের ব্যাপারে দলে কোন মতবিরোধ নেই। বিগত কাউন্সিলের কিছু কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় সভাপতির সাথে সামান্য মতবিরোধ সৃষ্টি হয়েছে। তবে তা কাউন্সিলে সমাধান হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।