প্রধানমন্ত্রী খুনিদের মদদ দিচ্ছেন: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী খুনিদের সঙ্গে নিয়ে তাদের মদদ দিয়ে যাচ্ছেন। দেশে কোনও আইন নেই, বিচার নেই। বিনা বিচারে চলছে একের পর এক হত্যাকাণ্ড।
শনিবার বিকেলে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিজয়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমত জামিল আখন্দ লাভলু, পৃষ্ঠপোষক ইলিয়াস আলী মোল্লা, আবুল বাসার, জহিরুল হক, ম্যানেজার খোরশেদ আলম, কোচ আবু ইউসুফ এবং অধিনায়ক ইগির মোহাম্মদসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে খুনিরা ১০ বছরের শিশু রাসেলকেও নির্মমভাবে হত্যা করেছিল। সেই হত্যাকাণ্ডের রায় হয়েছে। কিন্তু এ সরকার তা কার্যকর করছে না।
শেখ হাসিনা তার বক্তব্যে ক্রীড়া ক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, শেখ রাসেল ক্রীড়াচক্রের ওপর সরকারের বৈরী নীতির পরও খুব অল্প সময়ে এ সংগঠনের পারদর্শিতা ও কৃতিত্বে আমি অভিন্দন ও শুভেচ্ছা জানাই।
