হানিফ-মায়া দ্বন্দ্ব চরমে: নাগরিক আন্দোলনের কথা ভাবছেন সাবেক মেয়র
কমিটি গঠন নিয়ে কোন্দলের পর একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এ পরিপ্রেক্ষিতে শিগগিরই নিজস্ব উদ্যোগে নাগরিক সমস্যা নিয়ে কর্মসূচিতে যাওয়ার কথা বলেছেন ঢাকার সাবেক মেয়র হানিফ।
তিনি বিডিনিউজকে বলেন, আমি আমার টিম নিয়ে আলাদাভাবে কাজ করতে পারি। নাগরিক সমস্যা নিয়ে আগামী তিন চারদিনের মধ্যে একটি সংবাদ সম্মেলন করবো। সন্ত্রাস, আইন-শৃঙ্খলাসহ রাজনৈতিক কিছু বিষয়ও এতে স্থান পাবে।
এ বিষয়ে জানতে চাইলে মায়া বলেন, নেত্রী বললে এ আন্দোলনে আমিও শরিক হবো। তবে কেন্দ্র ঘোষিত সরকার বিরোধী জাতীয় আন্দোলনই এখন অধিক গুরুত্বপূর্ণ।
হানিফ অভিযোগ করেন, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম বাচ্চু হত্যার জন্য মায়া সরাসরি তাকে দায়ী করে মিডিয়ায় বক্তব্য রেখেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে দেওয়া মায়ার বক্তব্য প্রত্যাহার ও যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেবেন না। এ ব্যাপারে দলীয় প্রধানের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি।
অন্যদিকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিষ্ময় প্রকাশ করে বলেন, এডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার জন্য মহানগর আওয়ামী লীগ সভাপতিকে আমি দায়ী করিনি।
হানিফ বলেন, যেখানে নেত্রী বলছেন সরকার দায়ী সেখানে মহানগর সম্পাদক বলছেন হানিফ দায়ী। এ অবস্থায় আমি কিভাবে এক সঙ্গে কাজ করতে পারি!
তিনি বলেন, দলীয় প্রধানকে আমি বলেছি-আপনার স্ট্যাণ্ডের বাইরে মায়া কিভাবে একথা বললো, তার বিচার আপনার কাছে দিয়ে গেলাম। আপনার কথা ঠিক, নাকি মায়ার কথা ঠিক-আপনি এটা ক্লিয়ার করেন। তিনি বিষয়টি দেখবেন বলেছেন। তবে ফলাফল এখনও পাইনি। অপেক্ষায় আছি।
তিনি বলেন, ঘরের ভেতরে ঘর বানানোর একটা প্রবণতা থাকতে পারে মায়ার। আর এখান থেকেই দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। মায়ার সৃষ্ট এই দ্বন্দ্বের পেছনে দলের কিছু সিনিয়র নেতার ইন্ধন রয়েছে বলে তিনি দাবি করেন।
প্রায় দু’মাস ধরে হানিফ-মায়া দ্বন্দ্ব, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ শেষ পর্যন্ত সাংগঠনিক অচলাবস্থার রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যক্রম চলছে সরাসরি কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে। তবে মহানগর কিংবা এর বিভিন্ন থানা বা ওয়ার্ড/ইউনিয়ন কমিটির কার্যক্রম আনুষ্ঠানিক কোনো ঘোষণার মাধ্যমে স্থগিত করা হয়নি বলে জানান মহানগর সভাপতি মোহাম্মদ হানিফ।
রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন না কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, নেত্রীর কাছে বলে এসেছি আমি মানসিকভাবে খুবই ডিপ্রেশড। আপাতত সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে পারবো না। নেত্রীর কাছ থেকে উত্তর না পাওয়া পর্যন্ত আমি নীরব থাকবো। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবো না।
তবে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ৭১ সদস্যের ঢাকা মহানগর কমিটির মধ্যে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। এটি জনপ্রিয়তা যাচাইয়ের মাপকাঠি নয় বলে উল্লেখ করে তিনি বলেন, এটি করা হচ্ছে নিজেদের অবস্থান সম্পর্কে পূর্ণ ধারণা সৃষ্টির জন্য। এ পর্যন্ত ৪০ জনেরও বেশি সদস্য স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে সিনিয়র নেতারাও রয়েছেন। স্বাক্ষরদানকারীরা যদি বলেন এটা জমা দেন এবং কিছু বক্তব্য তুলে ধরেন, তাহলে নেত্রীর কাছে তা জমা দেওয়া হতে পারে।
অন্যদিকে মোহাম্মদ হানিফের পক্ষে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রমকে ‘দলের গঠনতন্ত্র বিরোধী নিম্নমানের একটি কাজ’ বলে উল্লেখ করেন মায়া।
