২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-নির্বাচনে খোকনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে নরসিংদীতে সকাল-সন্ধ্যা হরতাল

জাতীয় সংসদের নরসিংদী-১ আসনের উপনির্বাচনে খায়রুল কবির খোকনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা শনিবার নরসিংদীতে সকাল-সন্ধ্যার হরতাল পালন করছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 01:52 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ডাকসুর সাবেক জিএস ও যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন তার সমর্থকদের নিয়ে হরতালের মধ্যেই দুপুর সাড়ে ১২টায় মনোনয়নপত্র জমা দেন।

হরতাল চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা খোকনের কুশপুত্তলিকা দাহ করে এবং তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করে। তাকে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করে বিভিন্ন শ্লোগানসহ তারা সকাল থেকে শহরে মিছিল করে।

জেলা বিএনপির একাধিক নেতা দলের জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত লংঘন করে মনোনয়নপত্র দাখিলের ঘোষণা দিয়েছে।

দলীয় নেতাকর্মীদের অব্যাহত বিরোধিতা ও বিক্ষোভের মুখে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য খায়রুল কবির খোকন সকাল থেকে সার্কিট হাউসে অবস্থান নেন। পরে দুপুরে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

খোকন বিরোধী বিভিন্ন মিছিলের নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি মেসবাহউদ্দিন ভূঁইয়া ইরান, যুগ্ম-সম্পাদক বিজি রশীদ নাসের এবং ওই আসনের প্রয়াত সাংসদ শামসুদ্দিন আহমেদ এছাকের পুত্র ও শহর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন। তারা সকলেই বিএনপির মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন।

সম্প্রতি শামসুদ্দিন আহমেদ এছাকের মৃত্যুতে আসনটি শুন্য হয়।

খোকন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তার মনোনয়ন বাতিল করা না হলে অনির্দিষ্টকালের জন্য হরতাল অব্যাহত রাখার হুমকি দেওয়া হয়েছে। তারা খায়রুল কবির খোকনকে অযোগ্য বলে উল্লেখ করে তাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার তীব্র সমালোচনা করেন।

শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন স্থানে প্রচুর পরিমানে পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে। শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছে। ঢাকা নরসিংদী সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

অপরদিকে বিদ্রোহী প্রার্থীদের কর্মী সমর্থকরা খোকনের পক্ষে প্রতিবেদন প্রকাশের অভিযোগে জাতীয় দৈনিক ইনকিলাব ও ইত্তেফাকের কপিতে অগ্নিসংযোগ করে। তারা ওই দু’টি দৈনিকের স্থানীয় প্রতিনিধিকেও শহরে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

অন্যদিকে জেলা আওয়ামী লীগ ও স্থানীয় নাগরিক কমিটি পৌরসভা টাউন হলে সভা করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএ হাদী, প্রকৌশলী শওকত আলী, আব্দুল মতিন ভূঁইয়া এবং মাহবুবুর রহমান ভূঁইয়া।

সভায় সিদ্ধান্ত হয় নাগরিক কমিটির পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান প্রতিদ্বন্দিতা করবেন।