২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকল গ্রেনেড ও বোমা হামলার সঙ্গে একটি বিশেষ পরিবার জড়িত: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন, ২১ আগষ্টের জনসভায়, রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে গ্রেনেড হামলাসহ বিভিন্ন গ্রেনেড ও বোমা হামলার সঙ্গে একটি বিশেষ পরিবার জড়িত। এর যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। সময় মতো জাতি তা জানতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শুক্রবার বিকেলে বগুড়া বারের নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে শেখ হাসিনা একথা বলেন।

ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বগুড়া বারের সভাপতি এ্যাডভোকেট মীর ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাহমুদ, প্রবীণ আইনজীবী নেতা এ্যাডভোকেট রাজ্জাকুল হায়দার বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, এ্যাডভোকেট আব্দুল মান্নান খান এসময় উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার সর্বত্র দলীয়করণ করছে, এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, তারা মেধা, জ্যেষ্ঠতা ও যোগ্যতার কোনো মূল্য দেয় না। দুর্নীতি ও সন্ত্রাস চালিয়ে, দ্রব্যমূল্য বাড়িয়ে জোট সরকার জন জীবনকে অতীষ্ঠ করে তুলেছে।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে পারবে না বলে বিএনপি-জামাত জোট একতরফাভাবে সিইসি নিয়োগ করে নতুন করে ভোট চুরির ষড়যন্ত্র করছে। তিনি বলেন, কেউ যেন আর ভোট চুরি করতে না পারে সেজন্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে এক করে দেখতে চায় তাদের বিশেষ কোনো উদ্দেশ্য আছে। তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত গণতান্ত্রিক রাজনৈতিক দল। অন্যদিকে একজন রাষ্ট্রপতিকে হত্যা করে বন্দুকের নল ঠেকিয়ে জোর করে ক্ষমতা দখল করে বিএনপি নামের ওই দল গঠন করা হয়। ওরা জনগণের জন্যে কোনো কাজ করে না। আর আওয়ামী লীগ দেশের মানুষের স্বার্থে নিবেদিত রাজনৈতিক দল।