‘গণ বিরোধী জোটকে ক্ষমতা থেকে উৎখাতের বিকল্প নেই’: আ.লীগ নেতৃবৃন্দ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন, জ্বালানি তেলসহ প্রতিটি জিনিসের মূল্যবৃদ্ধি করে বিএনপি- জামাত জোট সরকার দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই গণ বিরোধী এ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের কোনো বিকল্প নেই। সরকার পতনের আন্দোলনে ঢাকা মহানগরসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
জ্বলানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকেলে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে তারা এ কথা বলেন।
কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত ঢাকা মহানগরের এ সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী।
দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সুবিদ আলী ভুঁইয়া, হাজী মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, রায় রমেশ চন্দ্র, লিয়াকত সিকদার সমাবেশে বক্তব্য রাখেন।
