২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগের সাবেক সাংসদ শামসুল হকের মৃত্যু, জানাযায় মানুষের ঢল, শেখ হাসিনার শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংসদ ও ময়মনসিংহের প্রবীণ রাজনীতিক শামসুল হক শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শুক্রবার ভোর সোয়া তিনটায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ছাড়াও তিন ছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকালেই তার লাশ ঢাকা থেকে ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ার বাসায় নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহ জেলা ঈদগা ময়দানে বাদ জুম্মা তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব এবং সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যোগ দেন। এরআগে নেতারা দলের পক্ষ থেকে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে লাশ গ্রামের বাড়ী ফুলপুর উপজেলার তারাকান্দা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে মরহুমকে তার প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ চত্বরে দাফন করা হয়। তার জানাযায় দলমত নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে।

শামসুল হকের মৃত্যুর খবরে জেলা শহরে শোকের ছায়া নেমে আসে। জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার বাসায় যান এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও লাশ দেখতে তার বাসায় যান জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিএনপি নেতা একেএম মোশাররফ হোসেন, জাতীয় পার্টির (এরশাদ) সংসদীয় দলের নেতা রওশন এরশাদ, বিএনপির সাংসদ শাহ শহীদ সারোয়ার ও দেলোয়ার হোসেন খান দুলু।

শামসুল হক আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক শামসুল হক জেলা আওয়ামী লীগ ও জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি।

তিনি ফুলপুর উপজেলা চেয়ারম্যানও ছিলেন।

জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দলের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখেন।

মরহুম শামসুল হক তার বজ্রকন্ঠের জন্য বিখ্যাত ছিলেন।

শেখ হাসিনার শোক

শামসুল হকের মৃত্যুতে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে ময়মনসিংহ তথা সারাদেশের গরীব-দু:খী মানুষরা একজন অকৃত্রিম বন্ধু হারালো। তার মতো একজন মানবদরদী ও দেশপ্রেমিক রাজনীতিকের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।