নারী প্রতিনিধি ছাড়া কোন কার্যকর সংসদ হতে পারে না: ড. কামাল হোসেন
নতুন সিইসি নিয়োগে একতরফা সিদ্ধান্ত নেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় ঐক্যমঞ্চ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের মতামত নেয়াই হচ্ছে একটি কার্যকরী সংসদের দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার তা মানছে না।
শুক্রবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন : সাংবিধানিক অধিকার ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে তিনি একথা বলেন।
দিনব্যাপী ওই কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভানেত্রী হেনা দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গনতন্ত্রী পার্টির সভাপতি আজিজুল ইসলাম খান, জাসদের (ইনু) সভাপতি হাসানুল হক ইনু ও মহিলা পরিষদের রেখা চৌধুরী।
বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, ৫২’র ভাষা আন্দোলনে, ৬৯’র গণঅভ্যুত্থান এবং ৭১’র মুক্তিযুদ্ধে নারী সমাজ যোগ্যতার প্রমাণ রেখেছে। কিন্তু বর্তমানে নারীদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখা হচ্ছে।
তিনি সংসদে ১০০টি নারী আসন সংরক্ষণে সরকার ও বিরোধী দলের প্রতি প্রস্তাব করে বলেন, নারী প্রতিনিধি ছাড়া কোন কার্যকর সংসদ হতে পারে না। সৎ ও যোগ্য নারী-পুরুষ প্রতিনিধিত্বের মাধ্যমে একটি কার্যকর সংসদ গড়ে তোলা যায়। এজন্য নারীদের এগিয়ে আসতে হবে। এসব আসনে নারী প্রার্থীদের প্রতিদ্বন্দিতা করতে হবে।
তিনি আরও বলেন, জনগনই প্রকৃত ক্ষমতার মালিক। কার্যকর সংসদের জন্য তাদের প্রকৃত প্রতিনিধি থাকতে হবে। তৃণমূল পর্যায়ে জনগনের সাথে সম্পর্ক গড়ে তুলে নারী প্রতিনিধিদের কাজ করে যেতে হবে।
তিনি নারীর ক্ষমতায়নের এ আন্দোলনকে গণআন্দোলন বলে অভিহিত করেন।
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ব্যবসায়ী ও রাজনীতিবিদের মিলন যতদিন থাকবে, ততদিন নারীর ক্ষমতায়ন ও কার্যকরী সংসদ গঠন করা যাবে না।
