জোট ক্ষমতায় আ’লীগের উন্নয়ন কাজ বন্ধ করে দেশবাসীকে সেবা থেকে বঞ্চিত করছে: হাসিনা
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি- জামাত জোট ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে এ সরকার দেশবাসীকে সেবা থেকে বঞ্চিত করছে।
শুক্রবার সেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অষ্টাদশ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা তার বক্তব্যে বিগত আওয়ামী লীগ আমলের নানা সফলতার কথা তুলে ধরে বলেন, এখন এ সরকারের কাছে মানুষের প্রত্যাশা যখন স্বাভাবিক মৃত্যূর গ্যারান্টি, তখন সরকার বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধারের নিশ্চয়তা পর্যন্ত দিতে ব্যার্থ হয়েছে।
তিনি বলেন, আমাদের প্রিয় বাংলাদেশে মানবতা আজ পদে পদে লাঞ্চিত। দ্রব্যমূল্যের উর্র্ধ্বগতি ও নিরাপত্তাহীনতা সাধারণ মানুষের জীবনকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার দিকে। শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে চলছে সরকারের চরম অবহেলা ও উদাসীনতা। এমন একটি অবস্থায় আমাদের নিজ নিজ অবস্থান থেকে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় দারিদ্রমুক্ত সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছিলাম। আমরা প্রমান করেছিলাম নেতৃত্বের সদিচ্ছা থাকলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
তিনি শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, কৃষি, ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন খাতে তার সরকারের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, আমাদের সময়েই সাক্ষরতার হার ৪৫ শতাংশ থেকে ৬৭ শতাংশে উন্নীত হয়েছিলো। মাথাপিছু আয় বেড়েছিলো ২৪৫ মার্কিন ডলার থেকে ৩৯০ মার্কিন ডলারে। প্রবৃদ্ধি সর্বোচ্চ ৬ দশমিক ৬ শতাংশে পৌঁছেছিলো। মূল্যস্ফীতি ছিলো মাত্র ১ দশমিক ৫৯ শতাংশ। দেশ হয়েছিলো খাদ্য স্বয়ং সম্পূর্ণ।
শেখ হাসিনা বিভিন্ন সেবামূলক কাজে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূঁয়ষী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে সংগঠনের বিদায়ী আন্তর্জাতিক পরিচালক লায়ন্স মোসলেম আলী খান ও লায়ন্স একে গোলাম কবির স্বাগত বক্তব্য রাখেন।
সংগঠনের আন্তর্জাতিক সভাপতির পক্ষ থেকে শেখ হাসিনাকে ‘মেডেল অব মেরিট’ সনদ এবং সোনার সিংহ মূর্তি উপহার দেওয়া হয়।
