২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক শাসন নয়, জনগণের শাসন চাই: ড. কামাল হোসেন

জাতীয় ঐক্য মঞ্চের আহবায়ক ও গণফোরাম সভাপতি আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, দেশ কোনও পরিবারের নয়। তাই আমরা কারও পারিবারিক শাসন মেনে নেবো না। আমরা জনগণের শাসন চাই। কেননা সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে, সকল ক্ষমতার মালিক জনগণ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজারে জাতীয় ঐক্য মঞ্চ মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই জাতি জবাবদিহিমূলক সরকার চেয়েছে। কিন্তু আজও আমরা তা পাইনি। কোনও ক্ষেত্রেই সরকার জবাবদিহি করছে না। তাই দেশে এখন আর জানমালের নিরাপত্তা নেই।

ঐক্য মঞ্চের মহানগর কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ঐক্য মঞ্চের কেন্দ্রীয় নেতা সাইফুউদ্দিন আহমেদ মানিক, আবদুর রউফ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট রণেশ মৈত্র, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগ নেতা এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন, অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক প্রমুখ।

ড. কামাল হোসেন আসন্ন বাজেট অধিবেশনে অন্তত এক ঘন্টার জন্যে হলেও বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, সংসদ কারও পৈত্রিক সম্পত্তি নয়। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ফলে জনগণ কেমন আছে তা তুলে ধরার জন্যে বাজেট অধিবেশনে বিরোধী দলের যাওয়া উচিত।

তিনি দেশের সার্বিক পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করে বলেন, দেশে সংবিধান কার্যকর অবস্থায় নেই, জবাবদিহিমূলক সরকার নেই। বর্তমান সংসদ একটি নাটকীয় সংসদে রূপ নিয়েছে। ফলে এখানে প্রধানমন্ত্রীকেই বিরক্তির সুরে নিজ দলীয় এমপিদের বলতে হচ্ছে সংসদে আসুন নইলে সংসদ ভেঙে দেব। এ লজ্জা বর্তমান জোট সরকারেরই।