স্পেকট্রাম গার্মেন্টস কারখানায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে অনশন কর্মসূচি
সাভারের স্পেকট্রাম গার্মেন্টস ট্রাজেডির শিকার শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার নগরীতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ অনশন কর্মসূচি পালন করে।
তারা ওই ঘটনার জন্য একটি বিচার বিভাগীয় তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রায় দু’শ গার্মেন্টস শ্রমিক ও স্পেকট্রাম ট্রাজেডির শিকার হতাহতদের স্বজনেরা মুক্তাঙ্গনে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনশনে অংশ নেয়।
অনশন কর্মসূচিতে বক্তারা নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।
তারা আহত ও বেকার হয়ে পড়া শ্রমিকদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানান।
গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ নেতারা দেশের প্রত্যেকটি গার্মেন্টস কারখানার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষা করতে রাজউকের প্রতি আহ্বান জানান।
এ্যাডভোকেট দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, সেলিম রেজা, এ্যাডভোকেট গুলশান আরা ও মাহবুবুর রহমান। পরে তারা নগরীতে একটি মিছিল বের করে।
