২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা মামলা গ্রেফতার অত্যাচার করে জোট সরকার ক্ষমতায় টিকতে পারবে না: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিরোধী দলের ওপর হামলা, মামলা, গ্রেফতার ও অত্যাচার-নির্যাতন করা থেকে বিরত থাকার জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এসব করে অতীতে কোনও স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। জোট সরকারও পারবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 04:46 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি লক্ষ্মীপুর জেলার ভবানিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন চলাকালে সন্ত্রাসী হামলা চালিয়ে জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোসলেম উদ্দিন নিজামসহ অর্ধশতাধিক নেতা কর্মীকে আহত এবং ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের জন্যে সরকারি দলকে দায়ী করে ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

আব্দুল জলিল বলেন, সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা এই জেলায় অন্য কোনও দলের নেতা কর্মী বা ভিন্নমতের কাউকেই বেঁচে থাকতে বা রাজনীতি করতে দিতে চায় না। তারা অস্ত্র ও পেশীর জোরে জনতার মুক্ত কণ্ঠ রোধ করে চলেছে।

তিনি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।