২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ওপর দায় চাপিয়ে অপরাধী ও সন্ত্রাসীদের রক্ষা করছে সরকার: সাবের

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, তদন্ত ছাড়াই সরকার হত্যাসহ প্রতিটি ঘটনার দায় দায়িত্ব আওয়ামী লীগের ওপর চাপিয়ে প্রকৃত অপরাধী ও সন্ত্রাসীদের রক্ষা করছে। সরকারের মন্ত্রীরা ঘটনার জন্য বিরোধী দলের ওপর আগাম দায় চাপিয়ে স্বাভাবিক বিচারের পথকে রূদ্ধ করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 03:19 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাবের চৌধুরী এ কথা বলেন।

গত শনিবারের হরতাল চলাকালে নগরীর খিলগাঁও এলাকায় সিএনজি স্কুটার চালক আমির হোসেনকে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধ করে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তদন্তের আগেই একশ’ ভাগ আস্থার সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিভাবে বলেন যে আওয়ামী লীগই এ ঘটনা ঘটিয়েছে! প্রতিটি ক্ষেত্রেই এমন কথা বলে সরকার বিচারের পথকে রূদ্ধ করছে। বিষয়টিকে ‘বিচারের আগেই রায় ঘোষণা’ বলে উল্লেখ করেন তিনি।

নির্মম এ হত্যাকাণ্ডের পরে স্কুটার চালকের নামাজে জানাজায় যেতে বাধা প্রদান এবং স্থানীয় থানার ওসি ও ডিএমপি কমিশনারের পরস্পর বিরোধী বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? কার নির্দেশে চলে পুলিশ?

দলের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা চাই সুবিচার। অন্যদিকে সরকারি দল প্রতিটি ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে সরকারি প্রচারযন্ত্রকে ব্যবহার করে মিডিয়ার সামনে নাটক সাজাচ্ছে।

আমির হোসেন হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, হত্যাকারিদের সঙ্গে বিএনপি’র সম্পর্ক কি? কেন সরকার তাদের রক্ষা করতে চাচ্ছে?

এ ঘটনায় দায়ের করা মামলার কথা উল্লেখ করে সাবের চৌধুরী বলেন, পুলিশ এ ব্যাপারে কোনো মামলা করেনি। অথচ এমন একজন ব্যক্তিকে বাদী করে মামলা সাজানো হয়েছে যার সঙ্গে মারা যাওয়ার আগে আমির হোসেন কিংবা তার পরিবারের বক্তব্যের কোনো মিল নেই। তিনি জানান, বাদী যুবলীগ থেকে বহিষ্কৃত এবং বর্তমানে যুবদল করেন।

সাবেক সাংসদ সাবের চৌধুরী অভিযোগ করেন, বিগত জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার রায় বিপক্ষে যাবে বলে তার নির্বাচনী এলাকায় বিএনপির বর্তমান সাংসদ ও মন্ত্রী মির্জা আব্বাস উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। স্থানীয় এমপির নির্দেশেই পুলিশ তাকে জানাজায় যেতে দেয়নি বলে তিনি উল্লেখ করেন।