২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ আ.লীগ নেতাদের সাথে ৩ ঘন্টার বৈঠক : মিলেমিশে কাজ করার পরামর্শ দিলো হাইকমাণ্ড

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ডা: মুসফিক হুসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু জাহিরসহ জেলা কমিটির সকল নেতাকে ঐক্যবদ্ধ থেকে মিলেমিশে দলীয় কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 10:24 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বুধবার রাতে জেলা কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কমিটি দীর্ঘ তিন ঘন্টা বৈঠক করে তাদের এ পরামর্শ দেয় বলে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানান।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, দলের শৃংখলা মেনে চলে যথাযথভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্যে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের এক তলবি সভায় সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে দলের হাইকমাণ্ড জেলা নেতাদের ঢাকায় তলব করে তাদের কাছ থেকে পরস্পরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও সংঘটিত ঘটনার কথা বিস্তারিত শুনে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

এদিকে গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বৈঠক শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগকারী জেলা কমিটির বিক্ষুব্ধ ৪৪ জন নেতা কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। কিন্তু দপ্তর থেকে জানানো হয়, এ পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।