ঢাবি সিনেট নির্বাচনে নীল ও সাদা দলের পদ ভাগাভাগি
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে প্রায় সমানভাগে পদ ভাগাভাগি করে নিয়েছে প্রধান বিরোধীদল আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক প্যানেল নীল দল এবং ক্ষমতাসীন বিএনপি জামায়াত জোট সমর্থিত সাদা দল।
৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে নীল দল পেয়েছে ১৮টি পদ। তাদের প্রতিদ্বন্দ্বী সাদা দল পেয়েছে ১৭টি। উল্লেখ্য, বামপন্থী গোলাপি দল আওয়ামী লীগের সাথে যৌথভাবে নির্বাচনে অংশ নেয়।
পূর্ববতী সিনেটের মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর পরে এ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচন কমিশনার হিসেবে ট্রেজারার অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান নির্বাচন পরিচালনা করেন। টিএসসিতে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় এক হাজার একশ’ শিক্ষক ভোট দেন।
নীল দলের প্রার্থী অধ্যাপক কাজী শহিদুল্লাহ সর্বোচ্চ ৬৪৮ ভোট পান। অন্যদিকে সাদা দলের প্রার্থী অধ্যাপক সদরুল আমিন পান দ্বিতীয় সর্বোচ্চ ৬২৩ ভোট।
নীল দলের বিজয়ী প্রার্থীরা হলেন, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী (৫৮৫), অধ্যাপক এবিএম ফারুক (৪৬৭), অধ্যাপক আরআইএম আমিনুর রশিদ (৫৯৪), অধ্যাপক এজেডএম নওশের আলী খান (৪৮৬), অধ্যাপক কাজী শহিদুল্লাহ (৬৪৮), অধ্যাপক নাজমা শাহিন (৪৮৬), অধ্যাপক নাসরিন আহমেদ (৪৭২), অধ্যাপক আবুল হাশেম খান (৪৭০), অধ্যাপক মুনতাসির উদ্দিন খান মামুন (৪৯১), অধ্যাপক মেছবাহ উদ্দিন আহমেদ (৪৬২), অধ্যাপক আনোয়ার হোসেন (৪৭৮), অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী (৪৩৯), অধ্যাপক রফিকুন্নবী (৫১০), ড. রহমত উল্লাহ (৪৬৩), অধ্যাপক হারুন-অর-রশিদ (৫২৮), অধ্যাপক হোসেন মনসুর (৫১৪), অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া (৫৬৩) ও ড. সাদেকা হালিম (৫৩৫)।
সাদা দলের বিজয়ীরা হলেন, অধ্যাপক আবু আহমেদ (৫৬৬), ড. আবুল হাসনাত (৪৩২), অধ্যাপক এএসএম আতিকুর রহমান (৪৭৮), অধ্যাপক একেএম সিরাজুল ইসলাম খান (৫৭৯), ড. এবিএম ওবায়েদুল ইসলাম (৪৪৩), ড. এ সবুর মোল্লা (৪৪৬), অধ্যাপক জাহিদুল ইসলাম (৪৭২), অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম (৫০৮), তাহমিনা আখতার টফি (৪৭০), অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী (৪৩৫), অধ্যাপক শাহজাহান মিয়া (৪৫০), অধ্যাপক ফেরদৌস হোসেন (৫১৩), অধ্যাপক মিজানুর রহমান (৪৫৬), লুৎফর রহমান (৪৪৫), অধ্যাপক সিরাজুল ইসলাম (৪৮৮), অধ্যাপক লায়লা নূর ইসলাম (৪৪৬) ও অধ্যাপক সদরুল আমিন (৬২৩)।
নীল দলের আহ্বায়ক অধ্যাপক আরআইএম আমিনুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রাজনৈতিকীকরণ, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষকরা আমাদের পক্ষে তাদের রায় দিয়েছেন।
তিনি বলেন, শিক্ষকরা মুক্তচিন্তা ও উদারনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
সাদা প্যানেলে যৌথ আহ্বায়ক অধ্যাপক ফেরদৌস হোসেন বলেন, আগের চেয়ে এই নির্বাচনে আমরা ভাল করেছি। বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমাদের উচিত ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা।
