মায়া উপস্থিত থাকায় মুক্তাঙ্গনের সমাবেশে যোগ দেননি হানিফ
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপস্থিত থাকায় সভাপতি মোহাম্মদ হানিফ পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার মহানগর কমিটি আয়োজিত মুক্তাঙ্গনের সমাবেশে যোগ দেননি।
মহানগর কমিটির অনুষ্ঠানে কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতার সভাপতিত্ব করার ঘটনাও ঘটেছে এ সময়। দু’গ্রুপের মধ্যে প্রচন্ড উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়েই চলেছে পুরো অনুষ্ঠান।
ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করলেও মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়ার মধ্যে বিদ্যমান প্রকাশ্য বিরোধ এড়াতে প্রথা ভেঙ্গে নগর নেতার বাইরে কেন্দ্রীয় নেতাকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয় বলে দলীয় সূত্র বিডিনিউজকে জানায়।
এমন কি সভার শুরুতে মহানগর কমিটির কোনও নেতা মাইক না নিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সভাপতি হিসেবে আমির হোসেন আমুর নাম ঘোষণা করেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে মহানগর সম্পাদক নয়, বরং কেন্দ্রীয় সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।
এদিকে, হানিফ-মায়া প্রকাশ্য দ্বন্দ্ব ও এক গ্রুপের বিরুদ্ধে অপর গ্রুপের অভিযোগের কারণে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে সভায় মহানগর কমিটির নেতার বদলে কেন্দ্রীয় নেতাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় বলে সূত্র জানায়।
বুধবার সমাবেশ চলাকালে মোহাম্মদ হানিফ, তার ছেলে মহানগর নেতা সাইদ খোকনসহ তার গ্রুপের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন না। মোহাম্মদ হানিফ গত দু’দিন আগেই শেখ হাসিনাকে স্পষ্ট জানিয়ে এসেছিলেন মায়া কোনও সভায় উপস্থিত থাকলে তিনি সেখানে থাকবেন না।
তবে মুক্তাঙ্গনের সমাবেশে হানিফ গ্রুপের নেতা-কর্মীরা এক পাশে প্রায় নীরব অবস্থান নেন। আর মায়া নিজে মঞ্চে থাকায় তার গ্রুপের নেতা-কর্মীরা মঞ্চের আশপাশসহ পুরো সমাবেশস্থল জুড়েই অবস্থান নিয়েছিলেন। তাদের মধ্যে চাঞ্চল্যও ছিলো চোখে পড়ার মতো।
