২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার মূল্যবৃদ্ধি করছে আর সরকারদলীয় নেতারা চাঁদাবাজি করছে: হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার সরকারের তেলের মূল্যবৃদ্ধি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানান, গরিব মানুষ ভাল ভাবে বেঁচে থাকুক, এটা জোট সরকার চায় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এক বিবৃতিতে বিরোধী দলের নেতা বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে কৃষির সরঞ্জাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ফলে গরিব মানুষের দুঃখ-কষ্ট বাড়বে। তিনি অভিযোগ করে বলেন, পঞ্চম বারের মতো তেলের মূল্যবৃদ্ধি ক্ষমতাসীন জোট সরকরের জনগন বিরোধী আচরণ।

শেখ হাসিনা আশংকা প্রকাশ করে বলেন, যেখানে সরকরের উচিত ছিল মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে চেষ্টা করা, সেখানে জোট সরকার মূল্যবৃদ্ধিতে উৎসাহিত হয়েছে।

তিনি জানান, এক দিকে ব্যবসায়ী মন্ত্রীরা প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে, অন্যদিকে সরকার দলীয় নেতারা মালবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করছে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জোট সরকারের শাসন আমলে জীবন যাত্রার মূল্য ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, যেখানে আওয়ামী লীগ সরকারের সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ছিলো ১৫টাকা সেখানে জোট সরকারের আমলে তা বেড়ে হয়েছে ২৬ টাকা।

জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বিবৃতিতে আরও বলেন, এখন সরকার বিনা বিচারে মানুষ হত্যা করছে এবং অব্যাহত দুর্নীতির কারণে সাধারণ মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না, এমন কি তাদের জীবনের এখন কোন নিরাপত্তা নেই।

জোট সরকারকে জনবিরোধী উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী জানান, এই সরকার যদি আর একদিন বেশি ক্ষমতায় থাকে, তবে দেশ ও জনগনের দুঃখ আরো বেশি বৃদ্ধি পাবে।

তিনি বলেন, জোট সরকারের পতন ছাড়া আর কোন বিকল্প নেই।