বর্ধিত জ্বালানী তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম দলগুলো
সংসদের বাইরে সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে বাম দলগুলো অগণতান্ত্রিক ও স্বৈরাচারি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে।
তারা তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত রতে গিয়ে মঙ্গলবার জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির এই পদক্ষেপ অগণতান্ত্রিক।
ইনু বলেন, জাতীয় সংসদের বাজেট অধিবেশনকে পাশ কাটিয়ে এক আদেশ বলে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, এ ব্যাপারে সংসদে আলোচনা হতে পারতো, এটা একটা খারাপ প্রবণতা।
তিনি আরও বলেন, চার দলীয় জোট সরকার নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সরকারের এই সিদ্ধান্তকে সংসদ অবমাননা বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, সামনেই বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনকে সামনে রেখে এই ধরনের সিদ্ধান্ত সংসদ অবমাননার সামিল।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক খালেকুজ্জামানও এই সিদ্ধান্তের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তেলের দাম বৃদ্ধিকে তিনি স্বৈরাচারি মানসিকতা বলে উল্লেখ করেন।
