ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি বাতিল করা হতে পারে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই গ্রুপে মারামারির ঘটনার ওপর বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে মঙ্গলবার একটি রিপোর্ট জমা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, তদন্ত কমিটি রিপোর্টটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভেঙ্গে দিয়ে একটি আহ্বায়ক কমিটি করার সুপারিশ করেছে।
রিপোর্টে আহ্বায়ক কমিটির ব্যাপারে যে সাতজন নেতার নাম শোনা যাচ্ছে তারা হলেন- আমিনুল ইসলাম আমিন, খলিলুর রহমান, মাসুদ হোসেন খান, তাজউদ্দিন তাজ, আলমগীর হাসান, শাহজাহান শিশির এবং আশরাফুর রহমান।
তদন্ত কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাত নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছে।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন।
এদিকে ওই ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা কাটেনি।
এদিকে, অনেক নেতাই আহ্বায়ক কমিটিতে নিজের নাম লেখানোর জন্য দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে লবিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
