আহসান উল্যাহ মাস্টারের সৎ জীবনযাপন এদেশের রাজনীতিতে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে
জাতীয় সংসদ সদস্য ও শ্রমিক নেতা আহসান উল্যাহ মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, তার সৎ জীবনযাপন এদেশের রাজনীতিতে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আহসান উল্যাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের উদ্যোগে ‘সন্ত্রাসমুক্ত সমাজ গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একজন সৎ রাজনীতিকের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সরদার মো. সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মো. নুরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, জাসদ নেত্রী শিরীন আকতার প্রমুখ।
সভায় ড. কামাল হোসেন বলেন, আহসান উল্যাহ মাস্টারের মৃত্যুর পর টঙ্গী-গাজীপুরের মানুষের প্রবল প্রতিরোধ সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল। তার আদর্শ অনুসরণ করে রাজনীতিতে সৎ ও সাধারণ মানুষের জন্যে রাজনীতি করতে তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
আবদুল জলিল বলেন, এদেশের রাজনীতিতে সৎ, চরিত্রবান ও নির্লোভ রাজনীতিবিদের সংখ্যা নগন্য। আহসানউল্যাহ মাস্টার ছিলেন একজন সৎ রাজনীতিবিদের দৃষ্টান্ত। আহসান উল্যাহ মাস্টার জীবন দিয়ে প্রমান করেছেন একজন সৎ রাজনীতিবিদের মৃত্যু নেই।
অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, আহসান উল্যাহ মাস্টার এদেশের রাজনীতিতে একটি মূল্যবোধের সৃষ্টি করে গেছেন। সেই মূল্যবোধ হচ্ছে পয়সা কামানোর জন্যে রাজনীতি নয়, স্বজনপ্রীতির জন্যে রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জন্যে, জনগণের কল্যানের জন্যে।
