২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ গ্রহণযোগ্য নয়: ১১ দল

১১ দলের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় মঙ্গলবার নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়াকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সভায় বক্তারা বলেন, টাকার খেলা, পেশি শক্তির নিয়ন্ত্রণ, প্রশাসনিক কারসাজি থেকে নির্বাচন ব্যবস্থাকে মুক্ত করার জন্য ১১ দল ১২টি সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে সংগ্রাম করে যাচ্ছে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার প্রবর্তন, নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহার বন্ধসহ নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যাবে না। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে সকল দলের পক্ষ থেকে যে দাবি উঠেছিল তা প্রত্যাখান করে সরকার এক তরফাভাবে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছে। ১১ দল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে ১১ দলের কেন্দ্রীয় নেতা শ্রমিক-কৃষক সমাজবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ১১ দলের সমন্বয়ক বিমল বিশ্বাস, মুজাহিদুল ইসলাম সেলিম, আজিজুল ইসলাম খান, হারুন চৌধুরী প্রমুখ।

তারা বলেন, এ হটকারি সিদ্ধান্তের ফলে যে রাজনৈতিক সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব জোট সরকারকেই বহন করতে হবে।