যারা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হেয় করছে, তাদেরকে বর্জন করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, যারা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হেয় করছে, তাদেরকে বর্জন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। সরকার সংখ্যা লঘু বা সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাস করে না। সকলের জন্য সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
পবিত্র বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী সোমবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসি) বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ উপলক্ষ্যে তিনি বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধ ধর্মাবলম্বী সকল নাগরিককে শুভেচ্ছা জানান।
তিনি আরো বলেন, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশের সকল মানুষ উদার ও সহনশীল। কিন্তু একটি বিশেষ মহল বিভিন্ন অঞ্চল, ধর্ম ও রাজনৈতিক আদর্শে বিশ্বাসী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।
প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, ধর্ম, গোত্র, সংস্কৃিত ও নৃ-তাত্বিক পরিচয় যাই হোক না কেনো, আমাদের কাছে সবাই বাংলাদেশী। পাহাড়ের মানুষ কিংবা সমতলের মানুষের মধ্যে কেউ বড় বা ছোট নয়। সবাই সমান।
তিনি বলেন, নাগরিকদের মধ্যে কোনো বিভেদ বা বৈষম্য সৃষ্টিতে আমরা বিশ্বাস করি না। বরং ঐতিহাসিক বাস্তবতায় ও সামাজিক বিন্যাসের কারণে নানা দিক থেকে যারা পিছিয়ে আছে, তাদেরকে বাড়তি সুযোগ-সুবিধা দিয়ে আমরা তাদের জাতীয় মূল স্রোতধারায় শামিল করার চেষ্টা চালাচ্ছি।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহান, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
