২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান, বিবেক ও যুক্তিবোধ যে নির্দেশনা দেবে, আমি সেই অনুযায়ী কাজ করবো: নবনিযুক্ত সিইসি

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ বলেছেন, সংবিধান, বিবেক ও যুক্তিবোধ আমাকে যে দিক নির্দেশনা দেবে, আমি সেই অনুযায়ী কাজ করবো। আমাকে কেউ ভুল বুঝবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সোমবার বিচারপতি এমএ আজিজ তার চেম্বারে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সিইসি হিসেবে আমার প্রধান কর্তব্য সকলের কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। আমার কারও সঙ্গে বিরোধ বা কারও প্রতি অনুরাগ নেই।

তিনি বলেন, আমি আশা করি, আমার সহকর্মীরা আমাকে সহযোগিতা করবেন। রাজনীতিকরাও আমাকে দিকনির্দেশনা দিতে পারেন। রাজনীতি মানুষকে নিয়ে। রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকার ব্যাপারে আমার কোনও অভিপ্রায় নেই। যে কোনও দল ও মতের লোক খোলা মন নিয়ে আমার সঙ্গে আলাপ করতে পারবে।

বিরোধী দল মেনে না নিলে আপনি কি করবেন-এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইট’স আ পলিটিক্যাল কোয়েশ্চন! আমি মনে করি না যে তারা আমাকে মেনে নেবে না। তবে সেরকম কিছু ঘটলে আমি তাদের বোঝাতে চেষ্টা করবো। কারণ, আমি কখনও রাজনীতি করিনি।

তিনি আরও বলেন, আমাকে যদি বলা হয়, টাকা পয়সা লাগবে না, আপনি এমপি নির্বাচন করুন। তাহলেও আমি রাজনীতিতে আসবো না।

সিইসি এমএ আজিজ বলেন, আমি কঠিন ও কঠোর নই। কারণ, ভাল ব্যবহার করতে টাকা লাগে না।