এসিড সংক্রান্ত অপরাধ কমে এসেছে: বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, এসিড অপরাধ দমন আইন ২০০২ এবং এসিড নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৪ প্রণয়নের পর এসিড সংক্রান্ত অপরাধের সংখ্যা অনেক কমে এসেছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের ১২তম সভায় সভাপতিত্বকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সভায় জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে এসিড সংক্রান্ত ৪টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ২০০০ সালে এ সংক্রান্ত মামলা হয়েছিল ১৫৫টি, ২০০১ সালে ১৮৪টি, ২০০২ সালে ৩০৩টি, ২০০৩ সালে ১২২টি এবং ২০০৪ সালে ১৯৮টি মামলা হয়।
সভায় আরও জানানো হয়, এসিড বিক্রির লাইসেন্সের নিয়ন্ত্রণ ক্ষমতা সরকারের নিকট থাকবে। এছাড়া এসিড আমদানি ও উৎপাদনের লাইসেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদান করবে। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রয়োজন হবে।
প্রতিমন্ত্রী জেলা পর্যায়ে এসিড অপরাধ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট জেলা মনিটরিং কমিটির প্রতি আহ্বান জানান।
সভায় দেশের প্রতিটি হাসপাতালে কার্যকর বার্ন ইউনিট চালুর বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে পরবর্তী সভায় পেশ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব সরফরাজ হোসেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সরদার আলাউদ্দিন সরকার, বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, মহাপুলিশ পরিদর্শক, মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
