২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটের রাজনীতি: সকল তৎপরতাই নির্বাচন কেন্দ্রিক

লালমনিরহাট জেলায় রয়েছে মোট ৩টি সংসদীয় আসন। তিন আসনের একটিতে বিএনপি, একটিতে জাতীয় পার্টি এবং একটিতে আওয়ামী লীগ জয় লাভ করে। জেলার রাজনৈতিক কর্মকান্ডের অধিকাংশই নির্বাচন কেন্দ্রিক।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 09:22 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

নির্বাচন ছাড়াও যে রাজনীতিতে আরও অনেক গঠনমূলক কাজ থাকতে পারে তা বড় রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনার মধ্যেই নেই।

সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট-৩ আসন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ৬৩,৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল পেয়েছিলেন ৪২,৯১২ ভোট। জাতীয় পার্টির গোলাম মোহম্মদ কাদের পেয়েছিলেন ৩৩,৮০৫ ভোট।

উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্ত্রীসভায় থাকার কারণে ঢাকায় অবস্থান করলেও নিয়মিত এলাকায় এসে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগ নেতা আবু সাঈদ দুলালও ঢাকায় অবস্থান করেন, তবে তিনিও দলীয় কর্মসূচীগুলোতে অংশ নেয়ার জন্য লালমনিরহাটে আসেন। জাতীয় পার্টির জিএম কাদের নির্বাচনের পর থেকে লালমনিরহাট এলাকা প্রায় ছেড়েই দিয়েছিলেন, সম্প্রতি দলীয় কর্মকান্ড আবারও সংগঠিত করার জন্য ২/১ মাস ধরে এলাকায় আসতে শুরু করেছেন।

আগামী সংসদ নির্বাচনে এ আসনে দলের আর কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় বিএনপি‘র একমাত্র প্রার্থী হবেন উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। গত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল আবারও মনোনয়ন চাইবেন বলে জানা যায়। এছাড়া দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান। এদের মধ্যে ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলালের প্রতি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিপুল সমর্থন রয়েছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা আছে।

জাতীয় পার্টিতে অন্য কোনও প্রার্থী না থাকায় জিএম কাদেরই প্রার্থী থাকছেন। গত ৯১ ও ৯৬-এর নির্বাচনে তিনি এ আসনে নির্বাচিত হন। ওই দু‘টি নির্বাচনে ‘হামার ছাওয়া‘ এরশাদের ইমেজ কাজে লাগিয়ে জয়ী হতে পারলেও ২০০১ সালে তিনি ধরাশায়ী হন। জামাত বিএনপি‘র সাথে জোটে থাকায় তাদের প্রার্থীর নামই শোনা যাচ্ছে না। তবে জামাত সূত্র থেকে জানা যায়, পৌর আমীর মাহমুদ হোসেন ও সদর উপজেলা আমীর আজিজুর রহমান চার দলীয় জোট কোনও কারণে ভেঙ্গে গেলে প্রার্থী হতে পারেন। এ আসনে কমিউনিষ্ট পার্টি প্রার্থী দিলে জেলা কমিটির সভাপতি এডভোকেট সিরাজুল হক প্রার্থী হতে পারেন।

গত সংসদ নির্বাচনে এ আসনটিতে ভোট কেন্দ্র দখল ও ব্যাপক কারচুপির ঘটনা ঘটে। বড়বাড়ী ইউনিয়নের কোনও কেন্দ্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনও এজেন্টকেই থাকতে দেয়া হয়নি। বড়বাড়ি ইউনিয়নটি জোট সমর্থিত বিএনপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নিজের ইউনিয়ন হওয়ায় তার ক্যাডাররা প্রশাসনের সহায়তায় সবক‘টি কেন্দ্র দখল করে নেয় বলে অভিযোগ রয়েছে। একই ঘটনা ঘটে এ ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন কুলাঘাট, পঞ্চগ্রাম ও মহেন্দ্রনগরের অধিকাংশ কেন্দ্রে। ফলে নির্বাচনী হাওয়া আওয়ামী লীগের পক্ষে থাকলেও মূলত দলীয় কোন্দলের কারণে আসাদুল হাবিব দুলু এমপি নির্বাচিত হন। পরে উপমন্ত্রী হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন ঘটিয়ে নিজের অবস্থান ঠিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুলুর বিরুদ্ধে ওই নির্বাচনে কারচুপির অভিযোগও উঠেছিল।

কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-২ সংসদীয় আসন। গত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মজিবর রহমান ৬০,৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি এ আসনে পর পর ৬ বার নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান আহম্মেদ ভোট পেয়েছিলেন ৫৭,২৬৫টি। বিএনপি প্রার্থী জেলা বিএনপি‘র সাধারণ সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহম্মেদ হেলাল ভোট পান ৪২,২৯৮। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গণফোরাম নেতা এমদাদুল হক পেয়েছিলেন ১৪,৩০৯ ভোট।

এ আসনে বিএনপি প্রার্থী সালেহ উদ্দিন আহম্মেদ হেলাল দলের ভোট তেমন না পেলেও স্থানীয় জামাতের ভোট পান। তিনি মোট ৪২,২৯৮ ভোট পান। জাতীয় পার্টিতে বিকল্প প্রার্থী না থাকায় আগামী নির্বাচনে মজিবর রহমান ফের প্রার্থী হবেন। তিনি তার ব্যক্তিগত ইমেজ ও এলাকায় এরশাদের ইমেজকে কাজে লাগিয়ে আবারও নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।

আগামী নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হচ্ছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান আহম্মেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল হক, ইংল্যান্ড প্রবাসী এবং স্থানীয় উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ডঃ মোজাম্মেল হক।

অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে গতবারের প্রার্থী সালেহ উদ্দিন আহম্মেদ হেলাল ছাড়া অন্য কোনও প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। দল ক্ষমতায় আসার পর তিনি সরকারের সুবিধাদি কাজে লাগিয়ে কাজ করে চলেছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিএনপির সাথে জোট না হলে জামাতের জেলা আমীর মওলানা সামসুল হক এ আসনে প্রার্থী হবেন। পর্যবেক্ষক মহলের ধারণা এ আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান আহম্মেদের সাথে জাতীয় পার্টির প্রার্থী মজিবর রহমানের লড়াই হবে। এক্ষেত্রে আওয়ামী লীগ প্রার্থীর জয়লাভের সম্ভাবনাই অধিক।

পাটগ্রাম-হাতীবান্ধা নিয়ে গঠিত লালমনিরহাট-১ আসন। গতবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন ৭৮,১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ আসনে বিএনপি‘র কোনও প্রার্থী না থাকায় জোট থেকে জামাতের এরশাদ হোসেন সাজুকে মনোনয়ন দেয়া হয়। তিনি ভোট পান ৪৮,৯০৭। জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীন সরকার ভোট পান ৪৪,৭৮৮। এ আসনে পূর্বের ২টি নির্বাচনে মোতাহার হোসেন অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এবারে তিনি নির্বাচিত হবার পর থেকে এলাকায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিসহ জনসম্পৃক্ততা বজায় রেখে চলেছেন।

গত নির্বাচনে পরাজিত হবার পর থেকে জামাত প্রার্থী সাজুকে রাজনীতিতে তেমন দেখা যাচ্ছে না, তবে দুই একটি দলীয় কর্মকান্ডে তাকে দেখা যায়। অধিকাংশ সময় তিনি ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। অপরদিকে জাপা প্রার্থী জয়নাল আবেদীন সরকার হেরে যাওয়ার পর থেকে রাজনৈতিক কর্মকান্ডে তেমন তৎপর হচ্ছেন না।

এ আসনে আওয়ামী লীগের আর কোনও প্রার্থী না থাকায় বর্তমান এমপিই আগামী নির্বাচনে প্রার্থী হবেন, এটা নিশ্চিত। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এবং এ আসনে শক্তিশালী কোনও প্রার্থী না থাকায় তিনি আবারও নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় পার্টির বিকল্প প্রার্থী না থাকায় জাপার প্রেসিডিয়াম সদস্য জয়নাল আবেদীন সরকার এরশাদের ইমেজকে কাজে লাগিয়ে এবারও প্রতিন্দন্দ্বিতা করবেন। অপরদিকে বিএনপির কোনও যোগ্য প্রার্থী না থাকায় চার দলীয় জোটের প্রার্থী হিসেবে জামাতকে এ আসনটি ছেড়ে দিতে হতে পারে আর সেক্ষেত্রে গতবারের এরশাদ হোসেন সাজু আবারও প্রার্থী হতে পারেন।

এ জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোট রয়েছে ২২ শতাংশ। কিন্তু তাদের জন্য বড় ঝামেলা হল রাজনৈতিক অসহিষ্ণুতা। জেলার বিশেষ বিশেষ কিছু জায়গায় ক্যাডারদের ভয়ভীতির কারণে তারা ভোট দিতে পারে না বলে বিস্তর অভিযোগ রয়েছে।