ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সিইসি নিয়োগের ব্যাপারে মত দিয়েছেন বুদ্ধিজীবীরা
সকল রাজনৈতিক দলের ঐকমত্য এবং সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দানের ব্যাপারে মত প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী রোববার বিডিনিউজকে বলেন, সকলের কাছে বিশ্বাসযোগ্য হওয়াটা একটি বড় প্রশ্ন। যদিও সিইসি নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলের সাথে আলোচনার কোনও কথা সংবিধানে উল্লেখ নেই, সরকারের তা করা উচিত বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, বিরোধী দলের সাথে কথা বলে সিইসি’র নিয়োগ দেয়া হলে এ সংক্রান্ত যে কোন সংকট মোকাবেলা করা যাবে এবং সমস্যার সহজ সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
তিনি বলেন, সরকার এক্ষেত্রে তার দায়িত্ব এড়াতে পারেনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোন পাবলিক ফোরামে না তুলে অনানুষ্ঠানিকভাবে শুধুমাত্র বিরোধী দলের সম্মতি নিয়ে সরকার সিইসি’র নিয়োগ দিতে পারে। তিনি বলেন, এই ধরনের নিয়োগ দ্বিপাক্ষিক হওয়াই শ্রেয়।
সিইসি নিয়োগের ক্ষেত্রে বিবিসিতে আইনমন্ত্রীর দেয়া এক মন্তব্যের ব্যাপারে অধ্যাপক চৌধুরী বলেন, সরকার যদি বুদ্ধিমান হয় তাহলে অবিলম্বে এ বিষয়ে আলোচনা শুরু করা উচিত।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান অধ্যাপক মুজাফফর আহমেদ বিডিনিউজকে দেয়া মন্তব্যে একই কথা বলেছেন। তিনি বলেন, সবার কাছে গ্রহণযোগ্য কাউকে প্রধান নির্বাচন কমিশন পদে নিয়োগ দেওয়া উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে কোনও আস্থা নেই। বরং তারা নিজেদের মধ্যে সংকট তৈরি করছে এবং দূরত্ব বাড়িয়ে তুলছে।
মোজাফ্ফর আহমদ আরও বলেন, সরকার বিরোধী দলের সঙ্গে আলোচনা না করে সিইসি নিয়োগ দিলে সেটা বুদ্ধিমানের পরিচয় হবে না। এতে বরং সমস্যা আরও বাড়বে।
আইন মন্ত্রীর বক্তব্যের ব্যাপারে তিনি বলেন, আমাদের সংবিধান আমাদের ঐতিহ্যের ওপর ভিত্তি করে তৈরি... আর আমাদের সংবিধানের চেতনা হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে কাজ করা
অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর বলেন, সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই সিইসি নিয়োগ দেয়া উচিত। অন্যথায় এ নিয়ে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হবে।
বিডিনিউজের সাথে আলাপকালে তিনি বলেন, এ ব্যাপারে সংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দেয়া বুদ্ধিমানের কাজ হবে না। ভালো হয় আমরা যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারি।
তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রধান দায়িত্ব বর্তাবে সরকারে ওপর। এই সংকট সমাধানে সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে।
