২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামাত জোট সেনাবাহিনীর মতো ‘ডিসিপ্লিনড ফোর্সকে’ ধ্বংস করছে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোট সেনাবাহিনীর মতো ‘ডিসিপ্লিনড ফোর্সকে’ ধ্বংস করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সেনা সদস্যদের দিয়ে বিনা বিচারে মানুষ হত্যা করাচ্ছে। আর বদনামের দায় ভার চাপিয়ে চাকরি থেকে বিদায় করে দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

র‌্যাবের ‘ক্রস ফায়ারে’ সম্প্রতি নিহত আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম দুদ মিয়ার পরিবারের সদস্যরা রোববার বিকেলে শেখ হাসিনার সঙ্গে তার সুধা সদনের বাসায় দেখা করতে এলে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী ‘ক্রস ফায়ায়ের’ নামে বিনা বিচারে মানুষ হত্যাকে জঘণ্য অপরাধ উল্লেখ করে বলেন, আমার বাবা-মাসহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি ক্ষমতায় আসার পর ওই সব খুনিদের ধরে ধরে মেরে ফেলতে পারতাম। কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে তা করিনি। প্রচলিত আইনেই বিচারের ব্যবস্থা করেছি। এমন কি কোনও বিশেষ ট্রাইব্যুনালও গঠন করিনি।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি-জামাত জোটের পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে, ততই তারা হিংস্র হচ্ছে। দেশে কোনও আইন নেই, বিচার নেই। কারও নিরাপত্তা নেই।

তিনি বলেন, সারা দেশ এখন একটা কারাগার, কসাইখানা। আর প্রধানমন্ত্রী হচ্ছেন বড় কসাই। তিনি তার বিশেষ বাহিনী দিয়ে বিনা বিচারে একটার পর একটা মানুষ হত্যা করছেন। এ সকল হত্যার প্রতিবাদ জানাতে গেলে চালানো হচ্ছে বর্বর অত্যাচার নির্যাতন।

দুদ মিয়া হত্যকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইচ্ছেকৃতভাবে হত্যা করে এখন তারা বলছে ভুল করে তাকে মেরেছে। আর এ ভুলের খেসারত দিতে হচ্ছে ওই পরিবারকে।

তিনি বলেন, কিন্তু যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে (প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে), যার ভুলের জন্যে এ খুনের ঘটনা ঘটলো, তার বিচার কি হবে? প্রধানমন্ত্রী যাদের দিয়ে ক্রস ফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা করছে, তারাতো খুনি হিসেবেই পরিচিত হলো।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী, তার পুত্র, বিএনপি মহাসচিব মান্নান ভুঁইয়া, আর স্বরাষ্ট্রমন্ত্রী বাবর হচ্ছে বড় সন্ত্রাসী। ওরাই সন্ত্রাসী সৃষ্টি করছে। সকল হত্যাকাণ্ডের জন্যে ওরাই দায়ী। তাদেরই আগে ধরা উচিত।

ঢাকায় জজকোর্টে ৩ মে একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর র‌্যাব মেঘনা থানা আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম দুদ মিয়াকে গ্রেফতার করে। পরে ‘ক্রস ফায়ারে’ তাকে হত্যা করা হয়।

নিহত দুদ মিয়ার অশীতিপর বৃদ্ধ বাবা হাজী আজিম উদ্দিন, বৃদ্ধা মা হালিমুন্নেসা, বিধবা স্ত্রী কাওসারী ইসলাম, পুত্র শহিদুল ইসলাম জনি এবং চার মেয়ে সীমা নূর ইসলাম, বিউটি দাউদ ইসলাম, বৈশাখী ইসলাম ও সিনথিয়া ইসলাম সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। দুদ মিয়ার স্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কাঁদেন। আওয়ামী লীগ প্রধান তাদের সান্ত¡না দেন।

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিম, শাহ আলম মুরাদ এবং মেঘনা থানা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।