জাবি’র ছাত্র রাজনীতির হালচাল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম চলছে ধীর লয়ে কিন্তু তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ছাত্রদল ভেদাভেদ ভুলে এগিয়ে যাচ্ছে। এদিকে দীর্ঘ ১৬ বছর ধরে বন্ধ রয়েছে ছাত্রশিবিরের রাজনীতি।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জাবি শাখার ছাত্রলীগ। আহবায়ক কমিটি গঠনের ছয় মাস অতিবাহিত হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। বর্তমানে সাংগঠনিক সঙ্কট আর নেতৃত্ব শূন্যতায় ভুগছে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি।
সূত্র জানায়, জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পরই ছাত্রদল ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তার করে। ছাত্রলীগকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য গত বছরের ২৭ অক্টোবর ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু আহবায়ক কমিটি গঠনের ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। ফলে পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় অচল হয়ে পড়েছে ছাত্রলীগ।
অপরদিকে, জাবি শাখা ছাত্রদল সমস্ত কোন্দল ভুলে এগিয়ে যাচ্ছে। এ মন্তব্য সংগঠনের অধিকাংশ নেতাকর্মীর। গত ডিসেম্বর মাসে হল ও ফ্যাকাল্টি কমিটি গঠনকে বিরাট সাফল্য বলে মনে করছেন ছাত্রদল নেতারা।
জানা যায়, বিগত আওয়ামী সরকারের আমলে ছাত্রদলের শোচনীয় অবস্থা ছিল। ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর ছাত্রদল ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তার করে। তবে ছাত্রদল সভাপতি আশরাফুল আলম জুয়েল এবং সাধারণ সম্পাদক ফরিদ মিয়া আরমানের মধ্যে আধিপত্য নিয়ে সৃষ্ট কোন্দলের রেশ ধরে এক পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম প্রায় চার মাস স্থগিত ঘোষণা করা হয়। এরপর ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে ২০০২ সালে সম্মেলন করার ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে ২০০৪ সালের ৩ মার্চ পুনরায় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
তবে বিভিন্ন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হলে বহিরাগতদের আশ্রয়সহ চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ছাত্রদলের যুগ্ম সম্পাদক শামসুল আলম পলাশ বিডিনিউজকে বলেন, ছাত্রদলের সাংগঠনিক কাঠামো আগের চেয়ে এখন অনেক মজবুত।
এদিকে, এক সময়ের প্রচন্ড প্রতাপশালী বাম ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম চলছে ঢিমেতালে। বর্তমানে এ সংগঠনে কর্মীর চেয়ে নেতা বেশি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কমিটির মেয়াদ দু বছর আগে শেষ হলেও এখনও পর্যন্ত নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। কয়েক মাস আগে ছাত্র ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করলে এখনও নতুন কমিটি গঠনের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। আর ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রীসহ অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলোর অবস্থা আরও নাজুক।
তবে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাম সংগঠনের নেতাকর্মীরা বিডিনিউজকে জানায়, এ সংগঠনের নেতাকর্মী সংখ্যায় কম হলেও তারা ক্যাম্পাসে ও অন্যান্য ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
অপরদিকে, দীর্ঘ ১৬ বছর ধরে জাবি ক্যাম্পাসে বন্ধ রয়েছে ছাত্র শিবিরের রাজনীতি।
জানা গেছে, ১৯৮৯ সালে ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবীর ছাত্র শিবিরের হামলায় মারা যাওয়ার পর সর্বদলীয় ছাত্র-ঐক্য পরিষদের ব্যানারে ছাত্র শিবিরের রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত ছাত্র শিবিরের কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ রয়েছে।
