স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শনিবার বলেছেন, স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
এছাড়াও তিনি বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এমএ সাঈদের পাঁচ দফা সংস্কার
প্রস্তাবের উল্লেখ করে বলেন, জনগণ যখন আমাদের সংস্কার প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে তখন সিইসি এই সংস্কার প্রস্তাব করে চমক সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু তিনি অনেক দেরি করে ফেলেছেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সকল স্থানীয় ও জাতীয় নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের সংস্কার দাবি করেছিলাম। কিন্তু স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া তা সম্ভব নয়।
তিনি বলেন, গণতন্ত্র চর্চার জন্য নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠানটি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। নির্বাচন কমিশন এখন আর নিরপেক্ষ নয়।
আব্দুল জলিল বলেন, সরকার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রভাবিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। কিন্তু জনগণের রায়ের কাছে তারা হার মানে।
সিইসি’র পাঁচ দফা সংস্কার প্রস্তাবের উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে সিইসি যদি এই প্রস্তাব করত তাহলে ভাল হতো।
