২৩ মে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার সারাদেশে হরতাল চলাকালে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর সরকারের নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে চলতি মাসের ২৩ তারিখ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করবে।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে শনিবার হরতাল শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রধান বিরোধী দলের ঢাকা মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
আওয়ামী লীগের শান্তিপূর্ণ প্রতিবাদে সরকারের নির্যাতনমূলক ভূমিকার অভিযোগে জলিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের নিন্দা করেন। তিনি হরতাল চলাকালে ঢাকাসহ সারাদেশে গ্রেপ্তার করা আওয়ামী লীগ কর্মীদের মুক্তির দাবি জানান। শেখ হাসিনা দাবি করেন, শনিবারের হরতালে কমপক্ষে এক হাজার আওয়ামী লীগ কর্মী আহত এবং আরও ২০০ কর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফল হরতাল পালনের জন্যে দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জোট সরকারের দুঃশাসন ও দমন নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদের অংশ হিসেবে আমরা ২৩ মে সারা দেশে প্রতিবাদ সমাবেশ পালন করব।
এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব লীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকসহ নেতা কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পৃথক কর্মসূচি ঘোষণা করে।
রোববার যুব লীগ বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করবে। অন্যদিকে ২৩ ও ২৪ মে জেলা ও উপজেলা সদর দপ্তরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল শেষে সমাবেশে যুব লীগের সাধারণ সম্পাদক মীর্জা আজম এমপি এই কর্মসূচি ঘোষণা করেন।
মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুকসহ অন্যান্য আওয়ামী লীগ কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা সমাবেশে বক্তৃতা করেন।
