আওয়ামী লীগের ডাকে সারাদেশে শান্তিপূর্ণভাবে সকাল সন্ধ্যা হরতাল পালিত
প্রধান বিরোধীদল আওয়ামী লীগ ও জাসদের ডাকে শনিবার সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি জানায়, আওয়ামী লীগের ডাকে শনিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে ঝালকাঠিতে রিকসাসহ বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ ছিল। হরতাল চলাকালে শহরের বিভিন্ন রাস্তায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিচ্ছিন্ন পিকেটিং ছাড়া কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
গোপালগঞ্জ প্রতিনিধি জানায়, শনিবার জেলার পাঁচ উপজেলায় সর্বত্র শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়। হরতাল চলাকালে দোকানপাট, স্কুল ও কলেজ বন্ধ থাকলেও অফিস, ব্যাংক ও বীমা খোলা ছিল। জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ছিল।
তবে আইনজীবীরা আদালত বর্জন করায় আদালতে কোনও কাজকর্ম হয়নি।
সকালে হরতালের সমর্থনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ মিছিল বের করে। হরতাল শেষে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কোটালীপাড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় শনিবার সকাল-সন্ধ্যা ঢিলেঢালা হরতাল পালিত হয়। হরতাল চলাকালে যানবাহন, স্কুল,কলেজ, ব্যাংক-বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রিক্সা ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। হরতালের সমর্থনে আওয়ামী লীগ শহরে মিছিল বের করে।
চট্টগ্রাম প্রতিনিধি জানায়, শনিবার আওয়ামী লীগের ডাকে সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলাকালে বন্দর নগরী চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়।
সকালে হরতালের সমর্থনে আওয়ামী লীগ নিউ মার্কেট এলাকায় মিছিল বের করে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ মিছিলে নেতৃত্ব দেন।
বন্দরের অভ্যন্তরে মালামাল ওঠানামা স্বাভাবিক থাকলেও বন্দর থেকে পণ্য পরিবহণ বন্ধ ছিল।
শেরপুর প্রতিনিধি জানায়, শনিবার শেরপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়। তবে শনিবার জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন হওয়ায় হরতাল চলাকালে শেরপুর শহর ছিল ছাত্রদলের দখলে। হরতাল চলাকালে শহরের যাহীবাহি বাস, দোকানপাট বন্ধ থাকলেও এবং সরকারী, বেসরকারী এবং আধা সরকারী অফিস আদালত খোলা ছিল।
কুমিল্লা প্রতিনিধি জানায়, আওয়ামী লীগ ও জাসদের আহ্বানে শনিবার কুমিল্লায় শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।
জেলা শহর থেকে দূরপাল্লার ১৪ টি রুটের কোনও বাস ছেড়ে যায় নি। শহরের বিভিন্ন স্পটে দাঙ্গা পুলিশ ও মহিলা দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ খণ্ড খণ্ড মিছিল বের করে।
দুপুরে জেলা আইনজীবী সমিতির ব্যানারে স্থানীয় আইনজীবীদের একটি শোকর্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
লক্ষীপুর প্রতিনিধি জানায়, হরতাল চলাকালে জেলা শহর লক্ষীপুরে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়। জেলার রামগতি, রামগঞ্জ, রায়পুর এবং সদর উপজেলাসহ ৪ উপজেলায় হরতাল চলাকালে আভ্যন্তরীণ রুটে কোনও যানবাহন চলাচল করে নি। অফিস আদালত ব্যাংক বীমা খোলা থাকলেও কার্যত কোনও কাজকর্ম অনুষ্ঠিত হয়নি।
তবে একই দিন সকালে যুবলীগ সাধারণ সম্পাদক মীর্জা আজম ও সভাপতি জাহাঙ্গীর কবীর নানকের ওপর হামলার প্রতিবাদে জেলা যুবলীগের উদ্যোগে শহরের মাদাম এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি জানায়, সুনামগঞ্জে শনিবার শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়। দূরপাল্লার কোনও যানবাহন চলাচল করেনি। হরতালের সমর্থনে সকালে জেলা আওয়ামী লীগ মিছিল বের করে।
পঞ্চগড় প্রতিনিধি জানায়, শনিবার জেলা শহর পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়। দূরপাল্লার কোনও যানবাহন চলাচল করে নি। অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা থাকলেও কার্যত কোনও কাজকর্ম অনুষ্ঠিত হয়নি। জেলার আটোয়ারী উপজেলা সদরে হরতাল চলাকালে ছাত্রলীগ কর্মীরা একটি মিশুক ভাংচুর করার সময় পুলিশ রুবেল নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। পরে মিশুক চালক রুবেলকে আসামী করে আটোয়ারী থানায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করে।
