হরতালে পুলিশি নির্যাতনে শেখ হাসিনার নিন্দা
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার হরতাল চলাকালে পুলিশি অভিযানে দুশ’ আওয়ামী লীগ নেতাকর্মী আটক এবং এক হাজার জনকে আহত করায় তীব্র নিন্দা জানিয়েছেন।
মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফল করায় তিনি জনগণকে ধন্যবাদ জানান।
এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের একের পর এক জনপ্রিয় নেতাদের হত্যা করার ষড়যন্ত্রের অংশ হিসেবে খোরশেদ আলমকে হত্যা করা হয়েছে।
এক্ষেত্রে তিনি আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম, মমতাজ উদ্দিন, শামসুল আলম সুরুজ, আহসান উল্যাহ মাস্টার এমপি, আইভি রহমান এবং শাহ এএমএস কিবরিয়ার নাম উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত সরকারের দুঃশাসনে কেউই নিরাপদ নয়।
তিনি আরও বলেন, জোট সরকার সরাদেশকে হত্যা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। সরকার মানুষের কথা বলার অধিকারসহ সকল গণতান্ত্রিক ও মৌলিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে।
