২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন ব্যাহত, আহত ৫০ জন

বিরোধী দলের ডাকে শনিবার দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতালে সারাদেশে যোগাযোগ, শিল্প-কারখানায় উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য চরমভাবে ব্যাহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পুলিশ ও পিকেটারদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশে আহত হয় কমপক্ষে ৫০ জন। পুলিশ শতাধিক হরতাল সমর্থককে আটক করে।

সবচেয়ে বড় সংঘর্ষ হয় পুরনো ঢাকার লালবাগে। পুলিশের রাবার বুলেটে যুবলীগের চারনেতা ও দুই পুলিশ সদস্য আহত হয়।

এছাড়া রাজধানীতে তিনজন সাংবাদিক, বিরোধী দলের বেশকিছু মহিলা কর্মী আহত হয়েছে।

হরতালের কারণে কর্তৃপক্ষ এইচএসসিসহ অন্যান্য সমমানের পরীক্ষা স্থগিত করে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যাকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ ও সমমনা দল জাসদ (ইনু) এ হরতাল আহ্বান করে।

প্রত্যক্ষদর্শী জানায়, হরতালের সকালে ঢাকার প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল কম লক্ষ্য করা গেছে। আন্ত:জেলা বাসগুলো বন্ধ ছিল। তবে রেল যোগাযোগ ছিলো যথারীতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে ব্যাপক সংখ্যক যানবাহনের সংখ্যা বাড়ে।

হরতালে বিভিন্ন বিপনী কেন্দ্র ও দোকান-পাট ছিলো বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন সরকারী অফিসে অপেক্ষাকৃত কম উপস্থিতিতে কিছু কাজ হয়েছে। তবে বেশিরভাগ বেসরকারী অফিসে কোনো কাজ হয়নি। ঢাকার ভেতরে বা বাইরের অনেক শিল্প-কারখানায় উৎপাদন ছিলো বন্ধ।

পুরনো ঢাকার লালবাগ এলাকায় হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেট ও টিয়ারগ্যাসে চারজন যুবলীগ নেতাকর্মী আহত হয়। প্রায় ৪০ মিনিটব্যাপী সংঘর্ষে হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে।

এতে পুলিশের এসআই মজিবর রহমান এবং কনস্টেবল ফয়েজ আহমেদ আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত হরতাল সমর্থকরা হচ্ছেন: ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন (৩০), মনির হোসেন (২৭), মঞ্জু মিয়া (২৯) এবং অনু মিয়া (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী জানায়, সাবেক সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সকাল ১১টায় লালবাগ মোড় এলাকায় একটি মিছিল বের হয়। পুলিশ এ মিছিলে বাধা দিলে মিছিলকারিরা পুলিশি বাধা অতিক্রমের চেষ্টা করে। এ সময় পুর্লিশ বেধড়ক লাঠিচার্জ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এরআগে পুলিশ আওয়ামী লীগ নেতা হাজি সেলিমকে আরও কয়েকজন নেতাসহ তাঁর বাড়িতে অবরুদ্ধ করে রাখে।

অপর এক ঘটনায় সন্ত্রাসীরা খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় একটি সিএনজি অটোরিক্সা ও এর চালকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অটোরিক্সাটি ভস্মীভূত হয়।

এর চালক মিজানুর রহমান (৫০) এতে গুরতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার ধূপখালিতে। তিনি ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার ১২২/১ আহমদনগরের বাসিন্দা।

হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি বিডিনিউজকে মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় দুই ব্যক্তি যাত্রী হিসেবে গাবতলী যাওয়ার জন্য তার গাড়িতে ওঠে। এক পর্যায়ে তারা তার শরীরে এবং গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানমন্ডির ২৮ নম্বর সড়ক থেকে সকাল ১১টায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও আব্দুল মতিন খসরুর নেতৃত্বে একটি মিছিল রাসেল স্কোয়ারের দিকে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে।

এ সময় পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়। পুলিশ প্রায় ৩০ জন নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে আটক করে।

পরে নাসিমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে রাসেল স্কোয়ারে অবস্থান নেয়। পরে চারজন সাংসদের নেতৃত্বে আরও একটি মিছিল সেখানে সমাবেশ করে। বেলা পৌনে ১২টায় বঙ্গবন্ধু জাদুঘর থেকে মহিলা আওয়ামী লীগের একটি মিছিল পুলিশি বাধা অতিক্রম করে রাসেল স্কোয়ারের সমাবেশে যোগ দেয়।

বেলা ১২টায় ধানমণ্ডি ১৫ নম্বর সড়ক থেকে যুব মহিলা লীগের একটি মিছিল ধানমণ্ডি ৩ নম্বর সড়কে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ মিছিলকারিদের আটক করে ধানমণ্ডি থানায় নিয়ে যায়। এখান থেকে পুলিশ কমপক্ষে ৩০ জন মহিলা কর্মীকে আটক করেছে।

এছাড়া গ্রিন রোড থেকে আসা মহিলা আওয়ামী লীগের একটি মিছিল রাসেল স্কয়ারের কাছে এলে পুলিশের হামলার শিকার হয়। এতে পাঁচ-ছয়জন নারী কর্মী আহত হয়।

বঙ্গবন্ধু এভিনিউয়ে পুলিশের হামলায় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও তিনজন সাংবাদিক আহত হয়। আহত সাংবাদিকরা হচ্ছেন দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল, এনটিভির ক্যামেরাম্যান ফজলুর রহমান ও ভোরের কাগজের ফটো সাংবাদিক রাজা।

আহত আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন মতিয়া চৌধুরী, আব্দুল হক, সাগুফতা ইয়াসমিন এমিলি। এদের মধ্যে আব্দুল হককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এক পর্যায়ে পুলিশ আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

ওই এলাকায় কড়া পুলিশী প্রহরার আওয়ামী লীগ নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে।

হরতালের সকালে মহাখালির তিতুমীর কলেজ এলাকায় সাবেক সাংসদ একেএম রহমতউল্লাহ ও আখতারুজ্জামানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। পুলিশ আমতলী এলাকায় মিছিলকারিদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।