আইনজীবী সমন্বয় পরিষদের সারাদেশে আদালত বর্জন কর্মসূচি পালিত
আইনজীবী সমন্বয় পরিষদ ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে শনিবার সারাদেশে আদালত বর্জন কর্মসূচি পালন করে।
বর্জন কর্মসূচি পালনকালে আইনজীবীরা বিভিন্ন আদালত প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আইনজীবী সমন্বয় পরিষদের নেতারা বলছেন, সারাদেশের আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে।
সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিডিনিউজকে বলেন, আমি খবর পেয়েছি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা পটুয়াখালী, বাগেরহাট, বরিশাল, দিনাজপুর, বগুড়াসহ বিভিন্ন জেলায় এই কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।
সমন্বয় পরিষদের আদালত বর্জন কর্মসূচি উপলক্ষ্যে ঢাকায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন (এসসিবিএ) এবং ঢাকা বার এসোসিয়েশন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
ব্যারিস্টার আমীর উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এসসিবিএ সভাপতি এ্যাডভোকেট মাহবুবে আলম, এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এসসিবিএ সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম, এ্যাডভোকেট সিরাজুল হক, এ্যাডভোকেট বশির আহমেদ এবং এ্যাডভোকেট শহিদুল ইসলাম।
সমাবেশে এম আমীরুল ইসলাম এটর্নি জেনারেলের অফিস, নির্বাচন কমিশন, পিএসসি, দূর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশনে নিয়োগের ব্যাপারে সাংবিধানিক কমিশন গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
সমাবেশের পর এ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চুর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
