২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র সিনেট নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে

আগামী ২৫ মে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনকে সামনে রেখে সাদা ও নীল দলের প্রার্থী ও সমর্থকদের প্রচারণা জমে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

গত বছরের জুন মাসে সর্বশেষ সিনেটের মেয়াদ শেষ হওয়ার এক বছর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচনের আয়োজন করেছে। এবারের নির্বাচনেও চারদলীয় জোট সমর্থিত ‘সাদা প্যানেল’ এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তি ‘নীল প্যানেল’ শিক্ষক কোটায় ৩৫ টি পদের জন্য লড়াই করেবন। নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন প্রচারাভিযানে ব্যস্ত।

কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজকে বলেন, অনেক শিক্ষক প্রচারণায় ব্যস্ত থাকার কারণে আমাদের ক্লাস এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তবে শিক্ষকরা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, নির্ধারিত ক্লাস শেষ করার পরেই তারা প্রচারণায় অংশ নিচ্ছেন।

নীল প্যানেলের সমর্থকরা মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীল ভাবনার শিক্ষকদের কাছে প্রচারণা চালাচ্ছেন এবং ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী শিক্ষক নিয়োগে অনিয়ম দুর করার কথা বলছেন। নীল প্যানেল এবার জোট সমর্থিত সাদা প্যানেলকে পরাজিত করতে বাম সমর্থিত গোলাপী প্যানলের সাথে ঐক্য গড়েছে।

এদিকে একটি সুত্র জানায়, এবারের নির্বাচনে কমপক্ষে ১০ জন জামায়াত সমর্থিত শিক্ষক সাদা প্যানেলে নির্বাচন করছে।

অন্যদিকে নীল সমর্থিত শিক্ষকরা শিক্ষকদের অবাসন সংকট সমাধান, কম্পিউটার সুবিধা এবং উচ্চ শিক্ষা ও বিদেশে বৃত্তির সুবিধা বাড়াবে বলে প্রচারণা চালাচ্ছেন।

নীল প্যানেলের আহবায়ক প্রফেসর আরআইএম আমিনুর রশীদ বিডিনিউজকে বলেন, নির্বাচিত হলে আমরা বিশ্ববিদ্যালয়ের সম্মান আরও বাড়াতে সচেষ্ট থাকব। তিনি বলেন, অনিয়ম, স্বজনপ্রীতি এবং অশুভ রাজনীতি দূর করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে সমুন্নত রাখতে আমরা কাজ করব।

অন্যদিকে সাদা দলের আহবায়ক রোকেয়া হলের প্রাধ্যক্ষ বেগম তাজমেরী ইসলাম বলেন, এ বছর নির্বাচনে জিততে আমরা একসাথে কাজ করছি। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ সমুন্নত রাখতে সাধরণ শিক্ষরা আমাদের প্যানেলের পক্ষেই ভোট দেবেন।

২৫ মে’র সিনেট নির্বাচনে প্রায় ১২০০ ভোটার ভোট প্রদান করবেন।