২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটার পর একটা লাশ পড়লে অবশ্যই হরতাল হবে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার হত্যাকাণ্ড বন্ধ না করলে, এভাবে একটার পর একটা লাশ পড়লে অবশ্যই হরতাল হবে। তিনি বলেন, আমাদের নেতা কর্মীদের নির্বিচারে হত্যা করা হবে, আমরা বিচার পাবোনা। তাহলে কেন হরতাল করতে পারবো না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জোট সরকারের অত্যাচার -নির্যাতন, হত্যা-সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হোন। শনিবারের হরতাল সফল করে হত্যা-খুনের উপযুক্ত জবাব দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে দেশব্যাপী আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ উপলক্ষে শুক্রবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সালাউদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন শামসুজ্জামান খান, মাহবুবুল হক, কবরী সারোয়ার, সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ।

শেখ হাসিনা তার বক্তব্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা বাচ্চু হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, আমরা হত্যার বিচারও চাইতে পারবো না এটা কেমন কথা? হত্যার প্রতিবাদ জানাতে গেলে সরকারি দলের সন্ত্রাসী বাহিনী ও পুলিশ আক্রমণ চালায়। মেয়েদের রাস্তার ওপর ফেলে বর্বরের মতো নির্যাতন করে।

তিনি বলেন, দেশে আজ কারো জীবনের নিরাপত্তা নেই। আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেনেড-বোমা মেরে একের পর এক হত্যা করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাস দমনের জন্যে নাকি র‌্যাব, চিতা, কোবরা গঠন করা হয়েছে। কিন্তু তারা হত্যাকারি সন্ত্রাসীদের ধরে না। শেখ হাসিনা অভিযোগ করেন সরকারের নির্দেশেই এসকল হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে আসামীদের ধরা হচ্ছে না।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সন্ত্রাস দমনের কথা বলে র‌্যাবকে তালিকা ধরিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে। সন্ত্রাস দমন করতে চাইলে বিএনপির যে ৭০ হাজার সন্ত্রাসীকে মামলা তুলে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের ধরতে হবে।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে বিএনপি ইতিহাস বিকৃত করছে। ভবিষ্যত প্রজন্মকে মিথ্যে ইতিহাস শেখানো হচ্ছে। তিনি বলেন, যে জাতিকে মিথ্যে ইতিহাস শেখানো হয়, সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়না, সে জাতি উন্নতি করতে পারে না।

তিনি ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।