কোরান অবমাননা ইস্যুতে ইসলামী দলগুলোর মার্কিন বিরোধী বিক্ষোভ প্রদর্শন
মার্কিন সেনাবাহিনী কর্তৃক কিউবার গুয়ান্তানামো বে কারাগারের টয়লেটে পবিত্র কোরান নিক্ষেপ করে এবং ইরাকে কোরানের ওপর ক্রুস চিহ্ন এঁকে অবমাননা করার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এবং পল্টন এলাকায় অনুষ্ঠিত পৃথক সমাবেশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হিজবুত তাহরীর এবং খেলাফত মজলিশসহ আরও ক’টি ক্ষুদ্র ইসলামী সংগঠন এ ঘটনাকে ‘মুসলিম অনুভূতিতে প্রচণ্ড আঘাত’ বলে অভিহিত করে।
সেই সাথে তারা উজবেকিস্তানে মুসলিম গণহত্যারও তীব্র নিন্দা জানায় এবং এর আন্তর্জাতিক তদন্ত দাবি করেন তারা।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েতউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্ব জুড়েই মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে চলেছে, যদিও এ বিষয়ে তারাই সবচেয়ে বেশি সোচ্চার বলে দাবি করে।
তারা বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাক ধ্বংসের পর কোরান অবমাননার মাধ্যমে সারা বিশ্বের দেড়শ’ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে, যার প্রতিফল তাদের পেতে হবে।
বক্তারা ইরাকে কোরান শরীফের ওপর ক্রুস চিহ্ন অঙ্কনকে ইসলামবিরোধী ষড়যন্ত্রের নূতন বহিঃপ্রকাশ বলে নিন্দা জানান। তারা সম্প্রতি উজবেকিস্তানে ব্যাপক মুসলিম নিধনযজ্ঞের আন্তর্জাতিক তদন্ত ও এ জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
সমাবেশ শেষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটি বিশাল মিছিল পল্টন মোড়, জিপিও চত্বর ও গুলিস্তান অঞ্চল প্রদক্ষিণ করে।
মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সারা বিশ্ব জুড়ে মুসলিমদের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ২৭ মে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। মিছিলে দলের আমীর ও চর মোনাইয়ের পীর সৈয়দ ফজলুল করীম নেতৃত্ব দেবেন বলে জানানো হয়।
প্রায় একই সময়ে অনুষ্ঠিত হিজবুত তাহরীরের সমাবেশেও বক্তারা কোরান অবমাননার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা ও এ জন্য দোষীদের চিহ্নিত করে প্রকাশ্যে শাস্তিদানের আহ্বান জানান।
তারা বলেন, পবিত্র কোরানের অপমানের জবাব বিশ্বের মুসলমানরা অবশ্যই দেবে।
হিজবুত তাহরীরের নেতারা এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা-প্রতিবাদের প্রেক্ষিতে নিউজ উইক সাময়িকীর পরবর্তী পাশ কাটানো বিবৃতিকে ‘রহস্যজনক ও মার্কিন সরকারের গোপন হস্তক্ষেপের ফল’ বলে অভিহিত করেন। তারা উজবেকিস্তানে মুসলিম গণহত্যার তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ডা. সাঈদ ও মামুনুর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতা সমাবেশে বক্তব্য রাখেন।
অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিশসহ আরও কয়েকটি ইসলামী গ্রুপ কোরান অবমাননার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
