২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি প্রদান

আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা: মুশফিক হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আবু জাহিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 05:44 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সাবেক মন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত বিএনপি জেলা কমিটির সাধারণ সম্পদক জিকে গৌছের বাসায় দাওয়াত খাওয়াসহ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৯টি অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহন করে আওয়ামী লীগের জেলা কমিটি।

বৃহস্পতিবার রাতে স্থানীয় বার লাইব্রেরী হলে অনুষ্ঠিত জেলা কমিটির তলবী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি শুকুর মোহাম্মদের সভাপতিত্বে ৭১ সদস্যের জেলা কমিটির মধ্যে ৫৪ জনের উপস্থিতিতে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এব্যাপারে আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল বিডিনিউজকে বলেন, কয়েকটি জাতীয় দৈনিকে কিবরিয়া হত্যাকান্ডের সঙ্গে বিএনপির জেলা কমিটির কমিটির সাধারণ সম্পাদক জিকে গৌছ জড়িত বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া ড. রেজা কিবরিয়া সংবাদ সম্মেলনে তার বাবার হত্যাকান্ডের সঙ্গে জিকে গৌছ জড়িত বলে উল্লেখ করেছেন। এ অবস্থায় কি করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তার বাসায় দাওয়াত খেতে যান।