২৪ মে সারা দেশে বিক্ষোভ-সমাবেশ করবে ১১ দল
বামপন্থি ১১ দলীয় জোট সারা দেশে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ২৪ মে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণ আজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ জোটের বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে ১১ দলীয় জোটের নেতারা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খোরশেদ আলম বাচ্চু হত্যার ঘটনাসহ দেশে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড বেড়ে চলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিগত সময়ে সমাবেশ ও মিছিলে যেসব গ্রেনেড ও বোমা হামলার ঘটনা ঘটেছে সেগুলোর বিচার না হওয়ায় সারা দেশে একের পর এক সন্ত্রাসী তৎপরতা ঘটে চলেছে বলে তারা দাবি করেন।
বৈঠকে গৃহীত অপর এক প্রস্তাবে দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখি ঝড়ে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
