২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপসা সেতু নিয়ে মিথ্যাচার বন্ধ এবং বন্ধ শিল্প চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে খুলনা আওয়ামী লীগ

বৃহত্তর খুলনা অঞ্চলের আওয়ামী লীগ নেতা ও সাংসদরা রূপসা সেতুর নির্মাণ কৃতিত্ব নিয়ে মিথ্যাচার বন্ধ করতে এবং ওই অঞ্চলের বন্ধ কল-কারখানা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 04:29 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, এখন জোট সরকার রূপসা সেতু নির্মাণের কৃতিত্ব নিজেরা নিয়ে নিতে চাইছে। অথচ আমরা ক্ষমতায় থাকাকালে ২০০১ সালের ১৭ মে সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

তিনি রূপসা সেতুর সংযোগ সড়ক নির্মাণে জনগণের অর্থ নিয়ে দুর্নীতি করার দায়েও সরকারকে অভিযুক্ত করেন। তিনি অবিলম্বে বন্ধ শিল্প প্রতিষ্ঠানসমূহ পুনরায় চালু করার দাবি জানান। বর্তমান সরকারের আমলে খুলনা অঞ্চলের বন্ধ কলকারখানার কথা উল্লেখ করে তিনি বলেন, এ সরকারের আমলে ওই অঞ্চলে নতুন কোনও উন্নয়ন প্রকল্প গৃহীত হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক, শেখ হেলাল, পঞ্চানন বিশ্বাস, মোস্তফা রশিদী সুজা, আব্দুল মান্নান খান এবং মন্নুজান সুফিয়ানসহ বৃহত্তর খুলনা অঞ্চলের দলীয় নেতারা।

উল্লেখ্য যে, আগামী ২১ মে প্রধানমন্ত্রী ‘খান জাহান আলী সেত’ু নামকরণকৃত রূপসা সেতু উদ্বোধন করবেন। জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে নির্মিত সেতুটি চালু হওয়ার পর ঢাকার সাথে সড়ক যোগাযোগ সহজতর হবে বলে আশা করা হচ্ছে।