বঙ্গবন্ধুর খুনির আত্মীয়কে তত্বাবধায়ক সরকার প্রধান করা হলে আ. লীগ নির্বাচনে অংশ নিবে না, নির্বাচন হতেও দিবে না: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট কারচুপি করতে জোট সরকার বঙ্গবন্ধুর খুনির আত্মীয়, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তাদের আগের শাসনামলের রাষ্ট্রদূতকে তত্বাবধায়ক সরকারের প্রধান করতে চায়।
তাকে তত্বাবধায়ক সরকারের প্রধান করা হলে ফলাফল আগেই তৈরী হয়ে থাকবে।
সাবেক প্রধান বিচারপাত কে এম হাসানের নাম উল্লেখ না করে তিনি বলেন, তাকে তত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ করা হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না। একই সাথে নির্বাচন হতেও দিবে না।
এ জন্য সাধারণ মানুষকে সংগঠিত করে সংগঠনকে শক্তিশালী করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার কক্সবাজার সার্কিট হাউসে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে বৈঠক কালে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা দলের জেলা, সকল থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ নেতাদের সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করেন। এছাড়াও রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি কৃষিবিদ উশিত মং এবং সাধারণ সম্পাদক ক্যাথিং অংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সার্কিট হাউসে বিরোধী দলের নেতার সাথে সাক্ষাত করেন।
বিরোধী দলের নেতা হরতালের সমালোচনাকারিদের উদ্দেশ্যে বলেন, মানুষ মারা গেলে, অত্যাচার নির্যাতন হলে এর প্রতিবাদ করা যাবে না, এটা হতে পারে না। সমালোচনা না করে এসবের প্রতিবাদে আপনারাও রাজপথে নামুন।
তিনি জোট সরকারের ব্যর্থতা ও নির্যাতনের চিত্র তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষ আজ দু:শাসন থেকে মুক্তি চায়। মানুষ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আপনারা মানুষের ঘরে ঘরে যান, তাদের সংগঠিত করুন। মানুষকে সাহস ও শক্তি দিন।
তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবির পুনরুল্লেখ করে শেখ হাসিনা বলেন, জোট সরকারের কারচুপির পরিকল্পনা থেকে দেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করতে হবে। মানুষের ভোটের রায় যেন মানুষের কাছে থাকে, সে জন্যই তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনে সংস্কার আনতে হবে।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, যুগ্ম-সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও বীর বাহাদুর এমপিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
